আবারও বিশ্বের শীর্ষ ধনীর জায়গা দখলে রেখেছেন টেসলা ও এক্স (সাবেক টুইটার)–এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের অর্থ-বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত সর্বশেষ বিলিয়নিয়ার্স ইনডেক্সে তিনি শীর্ষে রয়েছেন। এর আগের তালিকাতেও তিনি শীর্ষস্থানেই ছিলেন।
তবে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এবার তিনি শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়েছেন। তার বর্তমান সম্পদের পরিমাণ ১২ হাজার ৪০০ কোটি ডলার, যা আগের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম। মূলত দান ও জনহিতকর কাজে বিপুল পরিমাণ সম্পদ ব্যয় করায় তিনি পিছিয়ে গেছেন। এখন তার অবস্থান ১২তম। এর আগে তিনি ছিলেন পঞ্চম স্থানে। সেই জায়গায় উঠে এসেছেন মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমার, যিনি বর্তমানে ১৭ হাজার ২০০ কোটি ডলারের মালিক।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, শীর্ষ ধনীদের তালিকা এমন:
- ইলন মাস্ক – ৩৬,১০০ কোটি ডলার
- মার্ক জাকারবার্গ – ২৫,৪০০ কোটি ডলার
- ল্যারি এলিসন – ২৫,৩০০ কোটি ডলার
- জেফ বেজোস – ২৪,৪০০ কোটি ডলার
- স্টিভ বালমার – ১৭,২০০ কোটি ডলার
- ল্যারি পেইজ – ১৬,৩০০ কোটি ডলার
- বেরনার্ড আর্নল্ট – ১৬,১০০ কোটি ডলার
- সের্গেই ব্রেইন – ১৫,৪০০ কোটি ডলার
- ওয়ারেন বাফেট – ১৪,৬০০ কোটি ডলার
- জেনসেন হুয়াং – ১৩,৯০০ কোটি ডলার
- মাইকেল ডেল – ১৩,৮০০ কোটি ডলার
- বিল গেটস – ১২,৪০০ কোটি ডলার
বিল গেটস কয়েক বছর ধরেই স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে দান করে আসছেন গেটস-মেলিন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে। করোনা টিকা গবেষণায়ও তিনি বড় অঙ্কের অর্থ সহায়তা দেন। তার এই উদারতা ও মানবকল্যাণমুখী চিন্তাধারাই সম্পদের পতনের মূল কারণ। গেটসের অবস্থান দখল করেছেন মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বালমার। ২০০০ সালে তিনি মাইক্রোসফটের প্রধান নির্বাহী হন এবং ২০১৪ সালে অবসরে যান। সেই সময় তিনি কোম্পানির প্রায় ৪ শতাংশ শেয়ার নিজের কাছে রেখে দেন। পরে মাইক্রোসফটের শেয়ারের দাম বাড়তে থাকায় বালমারের সম্পদও বেড়েছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের এনবিএ দল লস অ্যাঞ্জেলেস ক্লিপার্স–এর মালিক। এক সময় বালমার মন্তব্য করেছিলেন, যখন বিল গেটস ও পল অ্যালেন তাদের শেয়ার বিক্রি করে নানা খাতে বিনিয়োগ করেছিলেন, তিনি তখন শেয়ার ধরে রেখেছিলেন। সেই সিদ্ধান্তই আজ তাকে গেটসের চেয়ে এগিয়ে দিয়েছে।
গত মে মাসে এক ব্লগ পোস্টে গেটস জানান, তার নিট সম্পদ ১০ হাজার ৮০০ কোটিতে নেমে এসেছে। তিনি ঘোষণা দেন, আগামী দুই দশকে তার প্রায় সব সম্পদ গেটস ফাউন্ডেশনের মাধ্যমে দান করে দেবেন। এই ফাউন্ডেশন ২০৪৫ সালের মধ্যে ২০ হাজার কোটি ডলার ব্যয় করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই ঘটনাটি শুধু ধনীদের র্যাংকিংয়ের পরিবর্তন নয়, বরং এটি মানবিক মূল্যবোধ, দানশীলতা এবং দূরদৃষ্টিসম্পন্ন বিনিয়োগের একটি ব্যতিক্রমী উদাহরণ।

