পক্ষাঘাতগ্রস্ত ও স্নায়ুজনিত দীর্ঘমেয়াদি রোগীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হলো। বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপারস্পেশালাইজড হাসপাতালে দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের পাইলট প্রকল্প শুরু হচ্ছে।
চীনের কারিগরি সহায়তায় গড়ে ওঠা এই সেন্টারটি উন্নত বিশ্বের মানদণ্ডে নির্মিত। এখানে রোগীরা পাবেন অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ও সুনির্দিষ্ট পুনর্বাসন সেবা। সুত্র জানিয়েছে, চীনের সরকার প্রায় ২০ কোটি টাকা মূল্যের রোবটিক যন্ত্রপাতি অনুদান দিয়েছে। প্রযুক্তির দিক থেকে এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। বাংলাদেশ চিকিৎসা খাতে এটি একটি বড় মাইলফলক।
সেন্টারে মোট ৬২টি রোবট রয়েছে, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক। এই যন্ত্রপাতির মাধ্যমে রোগীর অবস্থার অনুসারে নিখুঁত ফিজিওথেরাপি, স্নায়ুবিক পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে। এই কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশে পুনর্বাসন চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

