দেশের অধিকাংশ ব্যাংকের অডিট রিপোর্টে গরমিল ধরা পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আর্থিক খাতের সংস্কারে অনেক বাধা ও জটিলতা থাকা সত্ত্বেও সরকার নিজ উদ্যোগে তা বাস্তবায়নের কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘অনেকে মনে করেন শুধুমাত্র বিশ্বব্যাংক ও আইএমএফের চাপেই আর্থিক খাতের সংস্কার হচ্ছে। বাস্তবে এমন নয়, সরকার নিজস্ব উদ্যোগেই সংস্কার চালাচ্ছে। তবে তারা যদি ভালো পদক্ষেপ নেয়, আমরা কেন তা গ্রহণ করব না।’
বুধবার (৯ জুলাই) হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ‘অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া প্রবন্ধ উপস্থাপন করেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘সচ্ছতা ও জবাবদিহিতার জন্য অডিটিং ও অ্যাকাউন্টিং খুব গুরুত্বপূর্ণ। তবে যারা এই কাজে জড়িত, তাদের সততা ও স্বচ্ছতা সবার আগে জরুরি। অনেক প্রতিষ্ঠান মানসম্পন্ন না এমন কাগজপত্র জমা দেয়।’ তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অডিট কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তাও তুলে ধরেন। বলেন, ‘এনবিআরের ক্ষেত্রে অডিট খুবই জরুরি। তাদের মতে, প্রতি ১০০ জনের মধ্যে ৭০ জনই কোনো কর দেন না। এটা বিশ্বাস করার মতো নয়। এদের হিসাব-নিকাশ ভালোভাবে দেখা উচিত।’
সালেহউদ্দিন আরও বলেন, ‘অডিট যারা করেন, তাদের আগে নিজেদের স্বচ্ছ হতে হবে। শুধু হিসাবের যোগ-বিয়োগ নয়, চোখ-কান খোলা রেখে ঝুঁকির জায়গাগুলো খুঁজে বের করতে হবে।’
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর মন্তব্য করেন, ‘দেশের অধিকাংশ ব্যাংকের অডিট রিপোর্টে ভুল তথ্য পাওয়া গেছে। এক ব্যাংক জানিয়েছে তাদের খেলাপি ঋণের হার মাত্র ৪ শতাংশ, অথচ আমাদের অডিটে দেখা গেছে সেটি ৯৬ শতাংশ।’ তিনি যোগ করেন, ‘দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য অডিট রিপোর্টে স্বচ্ছতা ও সঠিক তথ্য থাকা অপরিহার্য। এজন্য বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করবে।’
অডিটরদের সততার ওপর গুরুত্ব দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, ‘বর্তমানে অডিট রিপোর্ট দেখে বিচার করলে সত্যিকার সৎ অডিটর খুঁজে পাওয়া দুষ্কর। আইএফআইসি ব্যাংকে বড় ধরনের অনিয়ম ঘটেছে। সালমান এফ রহমান একটি কাগুজে কোম্পানির ভুয়া তথ্য দিয়ে অর্থ আত্মসাৎ করেছেন, যেখানে এক অডিটর সহায়তা করেছেন।’
তিনি আরও জানান, ‘গত সরকারের আমলে ব্যাংক খাতে একের পর এক আর্থিক অনিয়ম হয়েছে। বাংলাদেশ ব্যাংক কিছু শীর্ষস্থানীয় অডিট ফার্মকে এ বিষয়ে চিহ্নিত করেছে। এটি প্রশংসনীয় হলেও এখনো তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

