চ্যালেঞ্জ সত্ত্বেও গত বছর তৈরি পোশাক রপ্তানিতে বিশ্ববাজারে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। যদিও এ সময়ে বাজারের আকার সামান্য কমে গেছে, অর্থাৎ রপ্তানি কমেছে দশমিক ৪৮ শতাংশ। এ তালিকায় চীন রয়েছে প্রথম স্থানে এবং তৃতীয় অবস্থানে ভিয়েতনাম।
এই তথ্য উঠে এসেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস ইন ২০২৪’ শীর্ষক প্রতিবেদনে। চলতি মাসে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বব্যাপী পণ্য ও সেবা বাণিজ্য ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ টানা দুই বছর ধরে তৈরি পোশাক রপ্তানিতে ৩৮ বিলিয়ন ডলারের ঘরে রয়েছে। গত বছর এই খাত থেকে দেশের আয় হয়েছে ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। প্রবৃদ্ধি ছিল মাত্র দশমিক ২১ শতাংশ।
তবে সামান্য এই প্রবৃদ্ধির মধ্যেও বৈশ্বিক বাজারে বাংলাদেশের হিস্যা কিছুটা কমেছে। ২০২২ সালে যেখানে বাংলাদেশের বাজার হিস্যা ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ, ২০২৩ সালে তা নেমে এসেছে ৬ দশমিক ৯০ শতাংশে।

