যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন দিনব্যাপী দ্বিতীয় দফার শুল্ক আলোচনা। বুধবার (৯ জুলাই) থেকে শুরু হওয়া এই বৈঠকের প্রথম দিন শেষে দুই দেশের প্রতিনিধিরা জানিয়েছেন, আলোচনায় বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক নিয়েই গভীরভাবে আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধান উপদেষ্টার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকায় অবস্থান করেও ভার্চুয়ালি আলোচনায় যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও আলোচনায় অংশ নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বৈঠকে ছিল ভারী উপস্থিতি। দেশটির কৃষি, জ্বালানি, বাণিজ্য এবং কপিরাইটবিষয়ক বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা এতে অংশ নেন। উভয় পক্ষই আলোচনায় নিজেদের অবস্থান তুলে ধরেন এবং উন্মুক্ত মনোভাব নিয়ে মতবিনিময় করেন।
প্রথম দিনের বৈঠক শেষে জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টায় আলোচনার দ্বিতীয় ধাপ শুরু হবে। একইসঙ্গে শুক্রবারও আলোচনা চলবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান। আলোচনার এই প্রক্রিয়াকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
দ্বিপাক্ষিক এই আলোচনা থেকে কী ফল আসবে, সেটা এখনই বলা না গেলেও—আশা করা হচ্ছে, এতে করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার শুল্ক ও বাণিজ্য ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

