দেশের অর্থনৈতিক বাস্তবতা সামনে রেখে সরকারি ব্যয়ে কৃচ্ছ্র সাধনের পথে আরও এক ধাপ এগোল সরকার। নতুন অর্থবছর উন্নয়ন কিংবা পরিচালন—কোনো খাত থেকেই এখন থেকে নতুন গাড়ি কেনা যাবে না। পাশাপাশি সরকারি অর্থায়নে বিদেশে সেমিনার, কর্মশালা বা সিম্পোজিয়ামে অংশ নেওয়ার সুযোগও থাকছে না।
মঙ্গলবার (৯ জুলাই) অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এই আদেশের মূল লক্ষ্য—সরকারি ব্যয় সংকোচন এবং বাজেট বাস্তবায়নে দায়িত্বশীলতা নিশ্চিত করা।
নতুন আদেশ অনুযায়ী, পরিচালন বাজেট থেকে যেকোনো ধরনের যানবাহন কেনা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে ১০ বছরের বেশি পুরনো, টিও অ্যান্ড ইভি (TO&E)-ভুক্ত গাড়ি প্রতিস্থাপনের প্রয়োজন হলে অর্থ বিভাগের অনুমতি নিয়ে খরচ করা যাবে।
একই নিয়ম প্রযোজ্য হবে উন্নয়ন বাজেটের ক্ষেত্রেও। প্রকল্পের অধীনে নতুন গাড়ি কেনার অনুমতি নেই। তবে চলমান প্রকল্পে যদি ভূমি অধিগ্রহণসহ নির্ধারিত কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষ হয়, তাহলে পূর্বানুমতির ভিত্তিতে ব্যয় করা যেতে পারে।
শুধু গাড়ি কেনাই নয়, নতুন ভবন নির্মাণেও কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের আওতাভুক্ত স্থাপনা ছাড়া অন্য কোনো খাতে নতুন আবাসিক বা অনাবাসিক ভবন নির্মাণ করা যাবে না। তবে যদি কোনো প্রকল্পের কাজ ইতিমধ্যে ৫০ শতাংশের বেশি সম্পন্ন হয়ে থাকে, সেক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে ব্যয় চালানো যাবে।
এছাড়া ভূমি অধিগ্রহণ ও থোক বরাদ্দের খরচও আপাতত বন্ধ থাকবে।
নতুন আদেশে সরকারি অর্থায়নে বিদেশ সফরের বিষয়েও কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। উন্নয়ন প্রকল্পের আওতায় আর কোনো সরকারি কর্মকর্তা বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম বা কর্মশালায় অংশ নিতে পারবেন না।
তবে কিছু ব্যতিক্রম থাকছে—যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা উন্নয়ন সহযোগীদের অর্থায়নে মাস্টার্স বা পিএইচডি করার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এছাড়া পেশাগত দক্ষতা বৃদ্ধির সঙ্গে সরাসরি সম্পৃক্ত কোনো প্রশিক্ষণের ক্ষেত্রেও বিদেশ সফরের অনুমতি মিলতে পারে।
বিদেশ সফর সংক্রান্ত সবকিছুতেই মানতে হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গত বছরের ৯ ডিসেম্বর জারি করা পরিপত্রের নির্দেশনা। যেখানে পরিষ্কার বলা হয়েছিল, “সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিনোদনমূলক বিদেশ ভ্রমণ ও দীর্ঘমেয়াদি শিক্ষণ ছুটিতে যাওয়া পরিহার করবেন।”
সরকারের এই পদক্ষেপকে অনেকে স্বাগত জানালেও প্রশ্ন থেকেই যাচ্ছে—এটা কি সত্যিকারের কৃচ্ছ্র সাধন, নাকি বাজেট ঘাটতির বাস্তব প্রতিফলন? যেভাবেই হোক, সরকারি ব্যয়ে জবাবদিহিতা আনতে এই ধরনের নিয়ন্ত্রণ হয়তো সময়ের দাবিই ছিল।

