বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হিসেবে দীর্ঘদিন ধরে রপ্তানি খাতকে অগ্রাধিকার দিয়ে এসেছে। বিশেষ করে তৈরি পোশাক, কৃষিপণ্য, হোম টেক্সটাইল এবং প্লাস্টিকজাত পণ্যে বৈশ্বিক চাহিদা বাড়ায় দেশের রপ্তানি আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে দেশের রপ্তানি আয় প্রায় ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বিগত বছরের তুলনায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।
এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে প্রশ্ন হচ্ছে এই বিপুল প্রবৃদ্ধির অর্থনৈতিক সুফল কোথায়? বিশেষ করে যখন আমরা দেখি, দেশের বেশিরভাগ ব্যাংক ও তালিকাভুক্ত কোম্পানি প্রত্যাশিত হারে লভ্যাংশ দিচ্ছে না, তখন সাধারণ বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হওয়াই স্বাভাবিক। রপ্তানি আয় বাড়লেও তা যদি অর্থনীতির শিকড় পর্যন্ত পৌঁছাতে না পারে, তবে এই প্রবৃদ্ধি আসলে কতটা অন্তঃসারশূন্য।
রপ্তানির সাম্প্রতিক চিত্র: বাংলাদেশের রপ্তানি খাত বর্তমানে একটি ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে। ২০২৪–২৫ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি। এর পেছনে প্রধান অবদান রেখেছে তৈরি পোশাক শিল্প, চামড়াজাত পণ্য, পাট, ওষুধ ও তথ্যপ্রযুক্তি খাত। শুধু তৈরি পোশাক থেকেই আয় হয়েছে ৩৯ দশমিক ৩৪ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানি আয়ের প্রায় ৮১ শতাংশ। মে ২০২৫ মাসে এককভাবে রপ্তানি আয় ছিল ৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি।
তবে জুন মাসে এক ধরনের সাময়িক ধীরগতি লক্ষ করা গেছে। ঈদুল আজহা উপলক্ষে কারখানাগুলোতে দীর্ঘ ছুটির কারণে মাসিক রপ্তানি আয় কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে, যা গত বছরের জুন মাসের তুলনায় ৭ দশমিক ৫৫ শতাংশ হ্রাস পেয়েছে। এই পতন স্বাভাবিক কারণেই বার্ষিক প্রবৃদ্ধির গড় হারকে কিছুটা প্রভাবিত করেছে।
খাতভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্লাস্টিক পণ্যে ১৬ দশমিক ২ শতাংশ, কৃষিপণ্যে ২ দশমিক ৫ শতাংশ এবং হোম টেক্সটাইল খাতে ২ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এর ফলে বোঝা যাচ্ছে, পোশাক শিল্প ছাড়াও অন্যান্য খাতগুলো ধীরে ধীরে রপ্তানির বিকল্প উৎস হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে।
চলতি ২০২৫–২৬ অর্থবছরে সরকারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে ৫৭ দশমিক ৫ বিলিয়ন ডলার। যথাযথ নীতিমালা, অবকাঠামোগত উন্নয়ন এবং রপ্তানিকেন্দ্রিক খাতগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক রপ্তানি প্রতিযোগিতায় আরও গুরুত্বপূর্ণ অবস্থান দখল করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন যদি এই ধারা অব্যাহত থাকে, তবে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের শীর্ষ স্থানে পৌঁছাতে সক্ষম হবে।
লভ্যাংশ কোথায় যাচ্ছে? বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির প্রেক্ষিতে অনেকেই আশা করেছিলেন এই সাফল্যের সুফল পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের হাতেও পৌঁছাবে। কিন্তু বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। অনেক ব্যাংক ও তালিকাভুক্ত কোম্পানি রপ্তানি আয়ে প্রবৃদ্ধি অর্জন করলেও, তাদের শেয়ারহোল্ডারদের প্রাপ্য লভ্যাংশ ঠিকভাবে প্রদান করতে পারছে না বা করছে না।
বিশেষ করে ব্যাংক খাতে এই অবস্থার পেছনে বড় কারণ হলো উচ্চমাত্রার খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যাংকের অনাদায়ী ঋণের হার (NPL- Non Performing Loan) ১০ শতাংশ বা তার বেশি, সেগুলো শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ দিতে পারবে না। ২০২৫ সালের মার্চ পর্যন্ত অন্তত ২৩টি ব্যাংকের খেলাপি ঋণের হার এই সীমা ছাড়িয়ে গেছে। ফলে সেগুলো বাধ্যতামূলকভাবে লভ্যাংশ বিতরণ থেকে বিরত আছে। এর পেছনে যুক্তি হচ্ছে ব্যাংকের মূলধন ঘাটতি, ঝুঁকিপূর্ণ সম্পদ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল।
শুধু ব্যাংক নয়, বিভিন্ন বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান ও তালিকাভুক্ত কোম্পানিগুলো মুনাফা অর্জন করলেও AGM-এ লভ্যাংশ দেওয়ার ক্ষেত্রে অনীহা বা বিলম্ব করছে। এর পেছনে একাধিক কারণ রয়েছে। যেমন: বিপুল পরিমাণ মুনাফা ভবিষ্যতের জন্য সংরক্ষণ, নতুন প্রকল্পে পুনঃবিনিয়োগ, আগের নেওয়া ঋণের কিস্তি পরিশোধ, কিংবা নগদ প্রবাহের ঘাটতি। অনেক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আর্থিক নীতিও এখন ‘লভ্যাংশ-সংযম’ কৌশল অনুসরণ করছে, যার ফলে বিনিয়োগকারীরা প্রকৃত মুনাফা অর্জন করলেও তাদের হাতে নগদ ফেরত আসছে না।
ফলে দেখা যাচ্ছে রপ্তানির সফলতা ও আর্থিক প্রবৃদ্ধি সাধারণ বিনিয়োগকারীদের জীবনে প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারছে না। এতে বাজারে এক ধরনের আস্থাহীনতা তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগের গতি কমিয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, লভ্যাংশনীতি আরও স্বচ্ছ ও অংশীদারবান্ধব না হলে প্রবৃদ্ধির প্রকৃত সুফল জনগণের কাছে পৌঁছাবে না, বরং জমা হবে করপোরেট নীতির সীমাবদ্ধ খাতে।
রপ্তানি প্রবৃদ্ধির সুফল কারা পাচ্ছে?
বাংলাদেশের অর্থনীতিতে রপ্তানি খাতের অবদান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। প্রতি বছরই রপ্তানি আয়ের পরিমাণ বাড়ছে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে এই প্রবৃদ্ধি উল্লেখযোগ্য। কিন্তু প্রশ্ন উঠছে এই প্রবৃদ্ধির লাভ কি সমাজের সবার কাছে সমানভাবে পৌঁছাচ্ছে? বাস্তবচিত্র বলছে, তা নয়। বরং রপ্তানি খাতে যে আয় হচ্ছে, তার একটি বড় অংশ কুক্ষিগত হয়ে পড়ছে কয়েকটি বড় শিল্পগোষ্ঠী ও প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর হাতে।
এই বৈষম্যের পেছনে রয়েছে বেশ কিছু বাস্তব কারণ। প্রথমতঃ রপ্তানি আয়ের একটি বড় অংশ গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। ফলে এই খাতের মূল কারিগর শ্রমিকরা তাদের প্রাপ্য ন্যায্য অংশ থেকে বঞ্চিত হচ্ছেন। একদিকে রপ্তানি আয় বাড়ছে, অন্যদিকে শ্রমিকদের মজুরি বাড়ছে না কিংবা খুব সামান্য বাড়ছে। সাম্প্রতিক সময়ে পোশাক খাতের শ্রমিকদের আন্দোলন থেকে আমরা দেখতে পাই, ন্যূনতম মজুরি নিয়ে এখনো অসন্তোষ রয়ে গেছে।
এছাড়া কাঁচামাল ও অন্যান্য উৎপাদন উপকরণের মূল্যবৃদ্ধিও একটি বড় সংকট তৈরি করেছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, ডলার সংকট এবং আমদানি ব্যয় বৃদ্ধির ফলে অনেক প্রতিষ্ঠানকেই বাড়তি খরচ সামলাতে হচ্ছে। এতে করে উৎপাদন ব্যয় বেড়ে যায়, কিন্তু সেই অনুপাতে পণ্যের মূল্য বাড়ানো সম্ভব হয় না। ফলে মুনাফা সীমিত হয়ে পড়ে, যা মালিকপক্ষ ব্যয় কমানোর জন্য আবার শ্রমিকদের ওপর চাপিয়ে দেয়। যেমন: কম মজুরি, অতিরিক্ত সময় কাজ করানো, কিংবা চাকরি ছাঁটাই।
এছাড়াও দুর্নীতি ও অপচয় রপ্তানি আয়ের সুষ্ঠু ব্যবস্থাপনায় বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। একদিকে শুল্ক ফাঁকি, অন্যদিকে ব্যাংকিং ও প্রণোদনা ব্যবস্থায় অনিয়ম, এইসব কারণে সরকারও পর্যাপ্ত রাজস্ব থেকে বঞ্চিত হয়। আর এই রাজস্ব ঘাটতির প্রভাব পড়ে জনকল্যাণমূলক ব্যয় কমে যাওয়ার মাধ্যমে।
ফলে সামগ্রিক চিত্র দাঁড়ায় এমন, রপ্তানি খাত থেকে আয় বাড়ছে ঠিকই, কিন্তু তা সমাজের সকল স্তরে সমানভাবে ছড়িয়ে পড়ছে না, বরং বৈষম্য বাড়ছে। কিছু লোক আরও ধনী হচ্ছে, আর শ্রমিক শ্রেণি ও সাধারণ মানুষ রয়ে যাচ্ছে একই অবস্থানে বা তার চেয়েও দুর্বিষহ জীবনে।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে প্রয়োজন একটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি কৌশল। অর্থাৎ এমন একটি উন্নয়ন মডেল, যেখানে রপ্তানি আয়ের সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ন্যায্যভাবে বণ্টিত হবে। এর জন্য দরকার শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কাঁচামালের দাম নিয়ন্ত্রণে রাখা, দুর্নীতি ও অপচয় রোধ করা, রপ্তানি প্রণোদনার কাঠামোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে আরও বেশি অন্তর্ভুক্ত করা। শুধু রপ্তানি প্রবৃদ্ধি দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়, যদি না সেই প্রবৃদ্ধির সুফল জনগণের সর্বস্তরে ছড়িয়ে পড়ে। উন্নয়নের প্রকৃত মানে তখনই পূর্ণতা পায়, যখন তা সকলের জন্য কল্যাণ বয়ে আনে।
শ্রমিকের ঘাম, কিন্তু লভ্যাংশ যায় ভিন্ন খাতে: বাংলাদেশের তৈরি পোশাক খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড। বছরে প্রায় পাঁচ হাজার কোটি ডলারের বেশি রপ্তানি আয়ের বড় অংশ আসে এই খাত থেকে। এই বিশাল আয়ের পেছনে রয়েছে লাখো শ্রমিকের প্রতিদিনকার ঘামঝরা পরিশ্রম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই আয়ের খুব সামান্য অংশই পৌঁছায় সেই শ্রমিকদের হাতে।
২০২৩ সালে সরকার পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো ঘোষণা করে। এতে এন্ট্রি লেভেলের (গ্রেড-৫) শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয় ১২ হাজার ৫০০ টাকা। এই বেতনের মধ্যে মূল বেতন ছিল মাত্র ৬ হাজার ৭০০ টাকা, যার সঙ্গে যুক্ত ছিল ঘরভাড়া, চিকিৎসা, পরিবহন ও খাদ্য ভাতা। যদিও সরকারের দাবি এটি শ্রমিকবান্ধব কাঠামো, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা।
রাজধানী ঢাকার মতো শহরে বসবাসকারী একজন শ্রমিকের মাসিক জীবনযাত্রার খরচ কত হতে পারে? শ্রমিক সংগঠনগুলো বলছে, একজন শ্রমিকের জীবন ধারণের জন্য ন্যূনতম প্রয়োজন ২০ হাজার থেকে ২২ হাজার টাকা। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস) এবং অন্যান্য গবেষণা সংস্থাও বলছে, বর্তমান বাজার দরে এই পরিমাণ আয় ছাড়া একজন শ্রমিকের মৌলিক চাহিদা পূরণ অসম্ভব।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, একজন শ্রমিকের ন্যূনতম মজুরি হওয়া উচিত ১৭ হাজার ৮৩৭ টাকা, তাও শুধুমাত্র মৌলিক ব্যয় মেটাতে। যদি এতে অন্যান্য খরচ যেমন: পোশাক, যাতায়াত, সঞ্চয় বা জরুরি চিকিৎসা যুক্ত করা হয়, তাহলে প্রয়োজন আরও বেশি।
তবে বাস্তবে শ্রমিকরা এই চাহিদার ধারে কাছেও নেই। অধিকাংশ শ্রমিককেই ১২ হাজার ৫০০ টাকার বেতনে সংসার চালাতে হয়, যা বর্তমান মূল্যস্ফীতির যুগে কার্যত অসম্ভব। একজন শ্রমিকের জন্য ন্যায্য বেতনের অভাব মানে শুধু অর্থনৈতিক বৈষম্য নয়, এটি একটি সামাজিক অবিচারও।
সবচেয়ে দুঃখজনক হলো যাদের শ্রমে গড়ে ওঠা পণ্যে দেশ কোটি কোটি ডলার আয় করছে, সেই মানুষগুলোই বঞ্চিত সবচেয়ে বেশি। তারা অসুস্থ হলে চিকিৎসা পায় না, বাচ্চাদের ভালো স্কুলে পড়াতে পারে না, বাসাভাড়ার চিন্তায় প্রতিনিয়ত উদ্বিগ্ন থাকে।
শ্রমিক শুধু উৎপাদনের হাতিয়ার নয়, তারা এই অর্থনীতির চালিকাশক্তি। তাদের ঘামে অর্জিত বৈদেশিক মুদ্রা যদি শুধুমাত্র কিছু ব্যবসায়ী গোষ্ঠীর পকেটে জমা হয়, তবে তা কেবল অর্থনৈতিক বৈষম্যই নয়, জাতীয় উন্নয়ন নীতির ব্যর্থতাও। দেশ তখনই এগোবে, যখন যারা দেশ গড়ছে তাদের জীবনে উন্নয়নের ছোঁয়া লাগবে। শ্রমিকের ঘাম যেন শুধু শোষণের গল্প না হয়, বরং তাদের অধিকার ও সম্মানেরও প্রতিফলন হোক, এটাই হওয়া উচিত উন্নয়নের আসল মানদণ্ড।
লাভে মালিক, ক্ষতিতে শ্রমিক—এই চক্র কি টেকসই?
বাংলাদেশের শ্রমনির্ভর অর্থনীতিতে একটি প্রশ্ন আজ আরও স্পষ্ট হয়ে উঠছে শ্রমিক যখন ক্ষতিগ্রস্ত, তখন মালিকের লাভ দিয়ে কী টিকে থাকবে উন্নয়ন? “লাভে মালিক, ক্ষতিতে শ্রমিক”—এই চক্র দীর্ঘমেয়াদে কোনো সমাজ বা অর্থনীতির জন্যই টেকসই হতে পারে না।
একটি দেশের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন শ্রমিক ও মালিকের মধ্যে ভারসাম্যপূর্ণ ও ন্যায্য সম্পর্ক। যেখানে মালিক তার বিনিয়োগের ফলাফল পাবেন, ঠিক তেমনিভাবে শ্রমিকও তার পরিশ্রমের উপযুক্ত মজুরি, নিরাপত্তা ও মর্যাদা পাবেন। কিন্তু বাস্তব চিত্রটা বেশ ভিন্ন।
আজকের বাস্তবতায় দেখা যাচ্ছে দেশের রপ্তানি আয়ের বড় একটি অংশ আসছে শ্রমনির্ভর খাত থেকে, বিশেষ করে তৈরি পোশাক খাত। অথচ এই খাতের শ্রমিকরাই সবচেয়ে কম বেতন পান, কাজের পরিবেশ নিয়ে অভিযোগের শেষ নেই এবং জীবনযাত্রার মানও নিম্নমুখী। অন্যদিকে মালিকপক্ষ বছরের পর বছর কোটি কোটি টাকার মুনাফা করছে, একের পর এক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলছে। এই বৈষম্য দিন দিন শুধু বাড়ছেই।
বাংলাদেশ ব্যাংক, শ্রম মন্ত্রণালয় এবং বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, রপ্তানি প্রবৃদ্ধি বাড়লেও তা সামগ্রিক সমাজে আর্থিক ন্যায্যতা নিশ্চিত করতে পারছে না। অর্থনীতির সুফল কিছু নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। শ্রমজীবী মানুষ বরং আরও দুর্বল হয়ে পড়ছে, যা একটি বিপজ্জনক সংকেত।
বিশ্বব্যাংকের ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিঃসন্দেহে উল্লেখযোগ্য, কিন্তু এই প্রবৃদ্ধি যদি অংশগ্রহণমূলক না হয়, তাহলে তা দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে না। সমাজে আয়বৈষম্য যত বাড়বে, ততই উন্নয়নের গতি প্রশ্নবিদ্ধ হবে। শ্রমিকরা শুধু অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি নন, তারাই হলেন সমাজের চালিকাশক্তি। তারা যদি বারবার বঞ্চিত হন, তাদের জীবনযাত্রা যদি বারবার চাপে পড়ে, তাহলে অর্থনীতির ভিতটাই দুর্বল হয়ে যাবে।
সমাধানের পথ কোথায়? শুধু রপ্তানি আয়ের পরিসংখ্যান দিয়ে উন্নয়নকে মূল্যায়ন করলে প্রকৃত চিত্র অধরাই থেকে যাবে। অর্থনীতির প্রবৃদ্ধি তখনই অর্থবহ হয়, যখন তা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে, রপ্তানির সুফল সীমিত একটি গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হচ্ছে। শ্রমিক, ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ জনগণ অনেকটাই উপেক্ষিত। এই বৈষম্যমূলক প্রবৃদ্ধি কোনোভাবেই দীর্ঘমেয়াদে টেকসই নয়।
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক দর্শন, যেখানে সব শ্রেণির মানুষ প্রবৃদ্ধির অংশীদার হতে পারবেন। শ্রমিকদের উপযুক্ত মজুরি নিশ্চিত করতে হবে, যাতে তারা সম্মানজনকভাবে জীবনধারণ করতে পারেন। একইসঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও সহায়তার ব্যবস্থা জোরদার করা জরুরি, যাতে তারা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারেন।
প্রণোদনা ও ভর্তুকির মতো রাষ্ট্রীয় সহায়তা যেন কেবল প্রভাবশালী গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ না থাকে, সে জন্য প্রয়োজন স্বচ্ছতা ও কঠোর জবাবদিহিতা। দুর্নীতি ও অপচয় রোধে কার্যকর নজরদারি এবং রাজনৈতিক সদিচ্ছাও অপরিহার্য।
বাংলাদেশের রপ্তানি খাত যে সাফল্য অর্জন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে এই সফলতাকে সত্যিকার অর্থে জাতীয় সম্পদে রূপ দিতে হলে তার সুফল সবার কাছে পৌঁছে দিতে হবে। শুধুমাত্র কিছু গোষ্ঠীর উন্নয়ন নয়, সর্বস্তরের মানুষের উন্নয়নের দিকেই নজর দিতে হবে। কেননা বৈষম্য ও বঞ্চনার ওপর দাঁড়িয়ে কখনো টেকসই অর্থনীতি গড়ে ওঠে না।
বাংলাদেশের রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্প, সাম্প্রতিক বছরগুলোতে অবিশ্বাস্যভাবে উন্নতি অর্জন করেছে। কিন্তু সেই সাফল্যের ছায়ায় লুকিয়ে আছে একটি বিরাট অসাম্য। শ্রমিকেরা রপ্তানি প্রবৃদ্ধির সুফল থেকে অনেকটাই বাদ পড়ছেন, আর মূল মুনাফা যেতে থাকে বরং মালিকপক্ষ ও ব্যবসায়ীদের কাছেই।
রপ্তানি আয় বাড়লেও সাম্প্রতিক গবেষণা ও প্রতিবেদনে দেখা যায়, সেই আয় সমাজের সব স্তরে পৌঁছাচ্ছে না ফলে বৈষম্য বাড়ছে । বিশ্বব্যাংকের ২০২৩ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়ন প্রশংসনীয় হলেও সামাজিক অন্তর্ভুক্তির ঘাটতি দেশের সামগ্রিক মডেলের টেকসই উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করছে ।
শ্রমিকরা দিনরাত পরিশ্রম করছেন, কিন্তু তাদের জীবনে সেই অর্জনের ছোঁয়া পৌঁছাচ্ছে না। অন্যদিকে গার্মেন্টস মালিকরা রপ্তানি প্রণোদনা ও বৈদেশিক মুদ্রা আয় থেকে বড় অঙ্কের লাভ দখল করছেন। এই অসম বৈষম্য শুধু একটি অর্থনৈতিক সমস্যা নয়, এটি সামাজিক অস্থিরতা ও উন্নয়নের দীর্ঘমেয়াদী সংকটেরও কারণে হতে পারে। তাই প্রবৃদ্ধিকে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক করতে হলে প্রয়োজন ন্যায্য মজুরি, শ্রমিকদের অধিকার সুরক্ষা, ক্ষুদ্র উদ্যোক্তাদের সুযোগ তৈরি এবং প্রণোদনা ব্যবস্থায় স্বচ্ছতা। রপ্তানি আয় কেবল পরিসংখ্যানের বিষয় নয়, এটি হওয়া উচিত মানুষের জীবনে বাস্তব পরিবর্তনের হাতিয়ার।

