বাংলাদেশের অন্যতম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-কে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নগদ এখনো ডাক অধিদপ্তরের অধীনে থাকলেও এই প্রতিষ্ঠানটির পক্ষে আর্থিক খাতে এতো বড় একটি ডিজিটাল সেবা চালানো সম্ভব নয়।
গভর্নরের মতে, ডাক বিভাগ এখন আর কার্যকরী কোনো প্রতিষ্ঠান নয়, এবং তারা ‘নগদ’-এর মতো একটি জটিল আর্থিক সেবাকে দক্ষতার সঙ্গে পরিচালনা করার সামর্থ্য হারিয়েছে। তাঁর ভাষায়, “নগদের মালিকানা দ্রুতই একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া উচিত।”
তিনি পরামর্শ দেন—নগদের দায়িত্ব নিতে পারে কোনো বড় টেলিকম বা আর্থিক প্রতিষ্ঠান, যাদের প্রযুক্তিগত জ্ঞান ও সক্ষমতা আছে। তবে ডাক বিভাগ চাইলে ২০ থেকে ৩০ শতাংশ শেয়ার রেখে অংশীদার হতে পারে।
আহসান এইচ মনসুর আরও জানান, নগদ প্রতিষ্ঠানটি সরকারি ‘সমাজকল্যাণ’ তহবিলের এক হাজার ৬০০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছে—এমন স্পষ্ট প্রমাণ বাংলাদেশ ব্যাংকের হাতে রয়েছে।
গরিব ও সুবিধাবঞ্চিতদের জন্য বরাদ্দকৃত টাকা প্রকৃত উপকারভোগীদের না দিয়ে, মনগড়া নাম-ঠিকানার অ্যাকাউন্ট খুলে টাকা তুলে নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এছাড়াও, নগদ অবৈধভাবে ৬৩০ কোটি টাকার ই-মানি তৈরি করেছে বলে জানান গভর্নর। অর্থাৎ, প্রকৃত আমানত ছাড়াই ভার্চুয়াল টাকা তৈরি করে প্রতিষ্ঠানটি বেতন, বোনাস, পরিচালন ব্যয়সহ বিভিন্ন খাতে খরচ চালিয়েছে। যা স্পষ্টভাবে দেশের আর্থিক আইন লঙ্ঘনের শামিল।
ব্যাংকিং খাত থেকে পাচার হওয়া টাকার বিষয়ে গভর্নর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জি-টু-জি ব্যবস্থায় (সরকার-টু-সরকার) বিদেশে পাচার হওয়া সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু করেছে।
তিনি জানান, যুক্তরাজ্যে এরই মধ্যে সাফল্যের দেখা মিলেছে। যেমন, সদ্য সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ১৭০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের ৯০ মিলিয়ন পাউন্ড ইতোমধ্যে জব্দ করেছে ব্রিটিশ অপরাধ নিয়ন্ত্রণ সংস্থা।
গভর্নরের ভাষায়, “এই সম্পদ উদ্ধারের কাজ তিন থেকে পাঁচ বছর সময় নিতে পারে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং পরবর্তী সরকারকে এই পথচলা এগিয়ে নিতে হবে।”
বাংলাদেশ ব্যাংক নতুন একটি বিভাগ গঠন করছে, যা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (BFIU) অর্থপাচার রোধে সহায়তা করবে। দুবাইয়ে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানান তিনি। একই ধরনের সহযোগিতার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনার কথাও উঠে আসে তাঁর বক্তব্যে।
যুক্তরাষ্ট্র শুরুর দিকে দৃঢ় সমর্থন দিলেও, সরকার পরিবর্তনের পর গতি কিছুটা শ্লথ হয়। তবে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন আবারও আগ্রহ দেখাচ্ছে বলেও গভর্নর উল্লেখ করেন।
বাংলাদেশের ব্যাংক খাতে চলমান সংকট নিয়েও গভর্নর আশাবাদী। কিছু সমস্যা থাকা ব্যাংকের একীভূতকরণ, মূলধন পুনর্গঠন এবং ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করাই এখন কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য বলে তিনি জানান।
“আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে—প্রত্যেক ক্ষুদ্র আমানতকারীর টাকা ফিরিয়ে দেওয়া। এর জন্য কিছুটা সময় লাগবে। যারা বড় অঙ্ক জমা রেখেছেন, তাদের একটু অপেক্ষা করতে হতে পারে,” বলেন আহসান এইচ মনসুর।
তিনি জনগণকে ধৈর্য ধরতে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা যেন আতঙ্কিত না হন কিংবা বিক্ষোভে না নামেন। আমরা আপনাদের টাকাই রক্ষা করছি।”

