১ আগস্ট থেকে তামার ওপর ৫০ শতাংশ শুল্ক বসাতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ব্রাজিল থেকে আমদানিকৃত তামার ওপরও বাড়তি ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
এই ঘোষণা আসে বুধবার (৯ জুলাই), হোয়াইট হাউসে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “জাতীয় নিরাপত্তা মূল্যায়নের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এই সিদ্ধান্তের ভিত্তি হিসেবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংক্রান্ত জাতীয় নিরাপত্তা আইন ২৩২ নম্বর ধারা অনুসারে তামার ওপর মূল্যায়নের কথা উল্লেখ করেন ট্রাম্প। এর আওতায় আমদানিকৃত পণ্যগুলো জাতীয় নিরাপত্তায় ঝুঁকি তৈরি করছে কি না, তা যাচাই করে থাকে যুক্তরাষ্ট্র।
এদিকে, জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে ভারত বিশ্বজুড়ে মোট ২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তামা ও তামাজাত পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে মাত্র আমেরিকাতেই গেছে ৩৬০ মিলিয়ন ডলারের তামা। ফলে নতুন এই শুল্ক ভারতীয় তামা রপ্তানিকারকদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
তবে সমস্যা এখানেই শেষ নয়।
ট্রাম্প আরও জানান, শিগগিরই ওষুধ আমদানির ওপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে ভারতের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। কারণ, ভারত-আমেরিকা ওষুধ বাণিজ্যে দীর্ঘদিনের শক্তিশালী অংশীদার। আমেরিকার ওষুধ বাজারে ভারতের বড় অংশীদারিত্ব রয়েছে। ফলে অতিরিক্ত শুল্কের বোঝা ভারতের ওষুধ রপ্তানিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত ভারতের বৈদেশিক রপ্তানিতে একটি বড় বাধা হয়ে দাঁড়াবে, বিশেষত তামা ও ওষুধখাতে। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানও দুর্বল হতে পারে ভারতের।

