ওয়াশিংটনের হোয়াইট হাউসে মন্ত্রিপরিষদ বৈঠক। টেবিলের পাশে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখান থেকেই উচ্চারিত হয় এক বিস্ফোরক ঘোষণা— “খুব শিগগিরই যুক্তরাষ্ট্রে আমদানি করা ওষুধের ওপর ২০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।”
এই ঘোষণার মধ্য দিয়ে আবারও আলোচনায় উঠে আসে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতি। ওষুধের পাশাপাশি গুরুত্বপূর্ণ ধাতু তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথাও জানান তিনি। খবর প্রকাশ করেছে সিএনবিসি।
ট্রাম্প বলেন, “ফার্মাসিউটিক্যালস পণ্যের ওপর খুবই উচ্চ হারে শুল্ক আরোপ হবে, প্রায় ২০০ শতাংশ। তবে সব শুল্ক একসঙ্গে কার্যকর হবে না।”
তিনি আরও জানান, “ওষুধ প্রস্তুতকারীরা যেন নিজেদের অবস্থান ঠিক করে নিতে পারেন, সে জন্য এক থেকে দেড় বছরের সময় দেওয়া হবে।”
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প মূলত ওষুধ কোম্পানিগুলোকে আবার যুক্তরাষ্ট্রেই উৎপাদন ফিরিয়ে আনতে চাপ দিচ্ছেন। তার ভাষায়, “আমরা চাই, ওষুধের উৎপাদন আমাদের দেশে হোক।”
বৈঠক শেষে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, চলতি মাসের শেষ নাগাদ শুল্ক সংক্রান্ত বিস্তারিত নীতিমালা ঘোষণা করা হবে। তিনি বলেন, “ওষুধ এবং সেমিকন্ডাক্টর নিয়ে তদন্ত চলছে, যা এই মাসের শেষেই শেষ হবে। এরপর প্রেসিডেন্ট তার নীতি স্পষ্ট করবেন।”
তবে আগেও ট্রাম্প বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, পরে তা থেকে সরে এসেছেন। তাই এবারও ২০০ শতাংশ শুল্ক আসলে কার্যকর হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। এমনকি এই ঘোষণার পর ওষুধ কোম্পানির শেয়ারদরেও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।
বিশ্লেষক ডেভিড রাইজিঙ্গার এক মন্তব্যে জানান, “এ ঘোষণা ওষুধ শিল্পের জন্য তাৎক্ষণিক কোনো বড় নেতিবাচক সংকেত বহন করে না। কারণ এটি এখনো অনিশ্চিত, কবে কার্যকর হবে বা আদৌ হবে কি না।”
তবে এপ্রিলের পর এটিই ছিল ট্রাম্পের পক্ষ থেকে ওষুধ খাত নিয়ে সবচেয়ে বড় ধরনের ঘোষণা। ওই সময় যুক্তরাষ্ট্র সরকার ওষুধ আমদানিকে ‘জাতীয় নিরাপত্তা’র সঙ্গে সম্পর্কিত দাবি করে ‘সেকশন ২৩২’ এর অধীনে তদন্ত শুরু করে।
এই আইনের আওতায়, কোনো আমদানি জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলছে কিনা, তা খতিয়ে দেখার জন্য বাণিজ্যমন্ত্রীকে অনুমতি দেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, যদি সত্যিই ২০০ শতাংশ শুল্ক কার্যকর হয়, তাহলে যুক্তরাষ্ট্রের ওষুধ খাত বড় ধরনের ধাক্কা খাবে।
শিল্প সংশ্লিষ্টদের ভাষায়, এর ফলে ওষুধের দাম বাড়বে, বিদেশি বিনিয়োগ কমবে এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটবে।
ফলে চিকিৎসা সেবা ব্যয়বহুল হয়ে উঠবে, এবং রোগীদের ঝুঁকি বাড়বে।
এরই মধ্যে ট্রাম্পের ওষুধের মূল্য নির্ধারণনীতি নিয়েও বেসরকারি কোম্পানিগুলো চাপে রয়েছে। তারা বলছে, এ ধরনের নীতি মুনাফা কমিয়ে দিচ্ছে, গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।
অন্যদিকে ট্রাম্প বলছেন, “শুল্ক নীতি কার্যকর হলে কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে ফিরে আসবে।” তিনি দাবি করেন, ইতিমধ্যে ইলি লিলি, জনসন অ্যান্ড জনসন, অ্যাবভির মতো কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে নতুন করে বিনিয়োগ শুরু করেছে। তবে বাস্তবতা হচ্ছে, গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদন উল্লেখযোগ্য হারে কমেছে।
এখন প্রশ্ন হলো, ট্রাম্পের ঘোষণা বাস্তবায়িত হলে তা আসলে যুক্তরাষ্ট্রের ওষুধ শিল্পকে শক্তিশালী করবে, নাকি আরও চাপে ফেলবে— সেটাই সময় বলে দেবে।

