এক সময় ছিল, যখন নতুন বাইক কেনার চিন্তা মাথায় এলেই মানুষ অপেক্ষা করত — “দাম একটু কমুক”, কিংবা “বাজার একটু স্থিতিশীল হোক”। কিন্তু তিন বছর টালমাটাল থাকার পর, সেই অপেক্ষা আর কেউ করতে চাইছে না। এবার যেন সবাই হাঁপ ছেড়ে বাঁচতে চাইছে—আর তার প্রমাণ মিলছে দেশের মোটরসাইকেল বিক্রির সাম্প্রতিক প্রবৃদ্ধিতে।
গত জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসেই বিক্রি বেড়েছে প্রায় ২৭ শতাংশ। এই সময় দেশে বিক্রি হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৬৩২টি মোটরসাইকেল, যেখানে গত বছরের এই সময় তা ছিল ২ লাখ ২ হাজারের কিছু বেশি। অর্থাৎ, আবার ছন্দে ফিরছে বাইকের বাজার।
শুরুতেই এক জিনিস পরিষ্কার করে দেওয়া যাক—মোটরসাইকেলের দাম কমেনি। বরং এখনকার জনপ্রিয় মডেলগুলোর দামই শুরু হচ্ছে ২ লাখ ২০ হাজার টাকা থেকে, আর শেষ হচ্ছে সাড়ে ৪ লাখে গিয়ে। তা সত্ত্বেও কেন বাড়ছে বিক্রি?
বিশেষজ্ঞরা বলছেন, মানুষ এখন বুঝে গেছে—এই দামে আর তেমন পরিবর্তন আসছে না। বরং দীর্ঘদিন ‘দেখি পরে কিনি’ করে অপেক্ষায় থাকা ক্রেতারা এখন আর দেরি করতে চাইছেন না। অনেকেই প্রয়োজনীয়তা থেকে আবারও বাইকের দিকে ফিরছেন।
উচ্চক্ষমতার বাইকের চাহিদা স্পষ্ট। Yamaha R15, MT-15 V3, FZS V4, Suzuki Gixxer, Honda Hornet—এসব মডেলের দাম একটু চড়া হলেও চলাফেরায় স্বস্তি ও ভরসা এনে দেয়। শহরের বাইরেই বেশি চাহিদা এসব বাইকের, কারণ খারাপ রাস্তায় ছোট বাইক নিয়ে টিকতে পারা মুশকিল। এই কারণেই ১৬০ সিসির বাইকগুলো এখন ক্রেতার চোখে ‘টিকে থাকার গাড়ি’।
এসিআই মোটরসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস বলেন, “ঢাকার বাইরে যেভাবে রাস্তাগুলো নষ্ট, তাতে বেশি সিসির বাইক ছাড়া উপায় থাকে না। তাই ক্রেতারাও এখন সেই দিকে ঝুঁকছেন।”
১০০ থেকে ১৫০ সিসির বাইকগুলো আগে ছিল মধ্যবিত্তের ভরসা। কিন্তু এখনকার বাজারে সেই রেঞ্জের বাইকের দাম ১.২০ থেকে ২ লাখ টাকার মধ্যে—যেটা অনেকের সাধ্যের বাইরে চলে গেছে। তাই এই সেগমেন্টে বিক্রি কিছুটা কমেছে।
টিভিএস বাংলাদেশের সিইও বিপ্লব কুমার রায় জানালেন, “দাম কমবে এই আশায় অনেকেই বসে ছিলেন। এখন তারা বুঝে গেছেন—আর বসে লাভ নেই। তাই যারা কিনবেন, তারা কিনছেন।”
টিভিএস, Yamaha, Honda—সব প্রতিষ্ঠানই বলছে, প্রতিমাসে বিক্রি বাড়ছে। টিভিএস জানায়, আগে যেখানে মাসে ২৪ হাজার বাইক বিক্রি হতো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজারে। Yamaha-র হাই-এন্ড মডেল, TVS-এর Apache সিরিজ আর Honda-র SP160 ও Hornet 2.0 এখন শোরুমে ঢুকার আগেই বুকিং হয়ে যাচ্ছে।
বাজারে প্রতিযোগিতা এখন তুঙ্গে। লাভ কম, অথচ সেবা দিতে হচ্ছে বাড়তি। নতুন মডেল আনতেও প্রতিষ্ঠানগুলো এখন একটু বেশি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছে। এমনকি, কর্পোরেট অর্ডারও আগের মতো আসছে না, যার ফলে শোরুমে অনেক মডেলই নেই, আর কাস্টমারদের করতে হচ্ছে আগাম বুকিং।
বিশেষজ্ঞরা বলছেন, বাজারে এই ধারা চলবে আরও কিছুদিন। যেহেতু মানুষ এখন বাইকের প্রয়োজনীয়তা টের পাচ্ছে এবং দাম কমার সম্ভাবনা নেই বললেই চলে—তাই বিক্রি আরও বাড়বে বলেই ধারণা।
যেখানে দেশের অর্থনীতি নানা চাপে, সেখানেও মানুষ চলাচলের স্বাধীনতা, সময় বাঁচানো আর রাস্তায় টিকে থাকার ভরসা খুঁজছে এক টুকরো বাইকের মধ্যেই। আর সেই কারণেই হয়তো তিন বছর পর আবারও প্রাণ ফিরে পাচ্ছে দেশের মোটরসাইকেল বাজার।

