রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা তিনদিনের বৃষ্টিতে সবজির বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ছে কাঁচা মরিচের দাম। মাত্র কয়েক দিনের ব্যবধানে এর দাম বেড়ে গেছে আড়াই থেকে তিন গুণ।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে—কিছু দোকানি কাঁচা মরিচ বিক্রি বন্ধ রেখেছেন। যাঁরা বিক্রি করছেন, তাঁরাও কম পরিমাণে মাল তুলছেন।
দাম বেড়ে যাওয়ায় অনেকে বলছেন, এ যেন মরিচ নয়, আগুন!
পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। অথচ বৃষ্টির আগেই এ দাম ছিল ৬০ থেকে ৮০ টাকা। খুচরায় অধিকাংশ বাজারে এখন প্রতি কেজি মরিচ ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
পাড়া-মহল্লার দোকান ও ভ্যানচালিত বিক্রেতাদের কাছ থেকে কিনতে হলে গুনতে হচ্ছে আরও বেশি টাকা।
বিক্রেতাদের দাবি, বৃষ্টির কারণে অনেক মরিচ গাছ পচে গেছে। মাঠে পানি জমায় ফসল তুলতেও সমস্যা হচ্ছে। ফলে সরবরাহ কমেছে। এই সুযোগে কিছু আড়তদার ও পাইকারি ব্যবসায়ী দাম বাড়িয়ে দিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ ও মৌসুমি বায়ুর কারণে কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। তবে আজ বিকেল থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। যদিও আবার রোববার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে।
মরিচের দাম হঠাৎ করে আকাশ ছুঁলেও অন্যান্য সবজিতে তেমন বড় পরিবর্তন নেই। কারওয়ান বাজারে ঢেঁড়স ও পটল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। একটি লাউও মিলছে ৩০-৪০ টাকায়। পেঁপে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে চালের বাজারে এখনো স্বস্তি নেই। বেশির ভাগ জাতের চালের দাম বেড়েই আছে। ফলে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির মানুষ সবচেয়ে বেশি চাপে পড়েছে।
প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে বাজারের অস্থিরতা নতুন নয়। তবে তার সুযোগে অসাধু ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করলে ভোক্তারা পড়েন চরম ভোগান্তিতে। নিয়মিত তদারকি ছাড়া এর সমাধানও সম্ভব নয়।

