বাংলাদেশের রপ্তানিনির্ভর অর্থনীতির সবচেয়ে বড় চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প এখন এক অজানা আশঙ্কার মুখে দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্র হঠাৎ করে বাংলাদেশের পোশাক পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় ব্যবসায়ী মহলে চরম উদ্বেগ তৈরি হয়েছে। এই সিদ্ধান্ত শুধু গার্মেন্টস খাতকেই নয়, চট্টগ্রাম বন্দর, ব্যাংকিং সেক্টর, অ্যাক্সেসরিজ, পরিবহন—এসবের সাথেও গভীরভাবে জড়িয়ে থাকা লক্ষাধিক মানুষের জীবিকা এখন ঝুঁকির মুখে।
“ব্যবসায়ী সমাজকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত?”
বিজিএমইএ-এর প্রথম সহ-সভাপতি ও চট্টগ্রামভিত্তিক পোশাক শিল্পগ্রুপ কেডিএস-এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক আলোচনার বিষয়গুলো সম্পর্কে শিল্প খাতকে কিছুই জানানো হয়নি। তার ভাষায়, “আমাদের কোনো মতামত চাওয়া হয়নি। এমনকি আমরা জানিও না কোন প্রেক্ষিতে শুল্ক ৩৫ শতাংশ নির্ধারণ হলো। ব্যবসায়ীদের বাইরে রেখে জাতীয় বাণিজ্যনীতি ঠিক করা হলে তা কখনো টেকসই হয় না।”
বিশ্ববাজারে এখন ‘মূল্য সংবেদনশীলতা’ সবচেয়ে বড় বিষয়। কিন্তু বাংলাদেশের পণ্যের ওপর যেখানে শুল্ক ৩৫%, সেখানে প্রতিযোগী দেশ ভিয়েতনাম পাচ্ছে মাত্র ২০% শুল্ক সুবিধা। ফলে ক্রেতারা স্বাভাবিকভাবেই সস্তার দিকেই ঝুঁকবে। এই অবস্থায় বড় ক্রেতারা যদি বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, তা হলে ভবিষ্যতে বাজার ধরে রাখা কঠিন হয়ে পড়বে।
মার্কিন বাজারেই আমাদের ৪০% রপ্তানি
সেলিম রহমান জানান, বাংলাদেশের পোশাক রপ্তানির প্রায় ৪০ শতাংশই মার্কিন বাজারমুখী। এখনই যদি বিকল্প বাজার না খোঁজা হয়, তাহলে রপ্তানি অর্ডার কমবে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, আর হাজার হাজার শ্রমিক-কর্মচারীর ভবিষ্যত অনিশ্চিত হয়ে উঠবে। ইউরোপের বাজার ইতোমধ্যে প্রতিযোগিতায় ভরপুর এবং সংকুচিত। ফলে সেখানেও জায়গা করে নেওয়া কঠিন হবে।
তিনি বলেন, “এ মুহূর্তে দরকার দ্রুত কূটনৈতিক উদ্যোগ। সরকারের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে একটা যৌক্তিক সমঝোতায় পৌঁছানো, যেন এই শিল্পটিকে বাঁচানো যায়।”
আলোচনায় বসেছে বাংলাদেশ, কিন্তু কি দেরি হয়ে যাচ্ছে?
জানা গেছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলোচনা চালিয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, এই উদ্যোগ কার্যকর হবে এবং যুক্তরাষ্ট্র সরকার বাস্তবতা বিবেচনায় একটি সমাধান খুঁজে বের করবে।
তবে সেলিম রহমানের মতে, ভবিষ্যতে এমন কোনো বাণিজ্যিক আলোচনায় গেলে ব্যবসায়ীদেরও সম্পৃক্ত করা দরকার। কারণ মাঠের বাস্তবতা বোঝে ব্যবসায়ীরাই। তিনি বলেন, “শুধু সরকারের ওপর নির্ভর করে চলা যাবে না। টেকসই শিল্পনীতি গঠনে সরকার-বেসরকারি অংশীদারিত্বই একমাত্র পথ।”
“ভিয়েতনাম-ভারত থাকলে বাংলাদেশে কেন আসবে?”
এশিয়ান গ্রুপের কর্ণধার ও বিজিএমইএ নেতা আবদুস সালাম আরও সরাসরি মন্তব্য করেন। “যখন একজন ক্রেতা একই পণ্য সস্তায় ভিয়েতনাম বা ভারত থেকে পেতে পারে, তখন সে কেন বাংলাদেশে বেশি দামে অর্ডার দেবে? বাংলাদেশ এখন ‘লাস্ট অপশন’ হয়ে উঠছে।”
তিনি আরো বলেন, “শুধু পোশাক শিল্প নয়, রপ্তানি কমলে চট্টগ্রাম বন্দরের আয় কমে যাবে, ব্যাংকিং সেক্টরে ধস নামবে, গার্মেন্টস অ্যাক্সেসরিজ, পরিবহন, প্যাকেজিং—সব কিছুতেই প্রভাব পড়বে। সেই ধাক্কা সামলানো দেশের পক্ষে খুব কঠিন হবে।”
জাতীয় রাজস্ব বোর্ড-এর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করেছে ২,৩৭৭টি প্রতিষ্ঠান। এদের মধ্যে ৮০১টি প্রতিষ্ঠান একাই ৫০ শতাংশ রপ্তানি করেছে। অর্থাৎ, যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত শুল্ক তাদের জন্য মারাত্মক হুমকি।
আর তৈরি পোশাক? গত বছর বাংলাদেশ থেকে শুধু পোশাকই রপ্তানি হয়েছে ৭৫৯ কোটি ডলার—এই বিশাল অর্থনীতিই এখন ঝুঁকিতে।

