দীর্ঘদিন অবহেলিত থাকার পর বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলা এখন পরিণত হয়েছে একটি লাভজনক ও কর্মচঞ্চল প্রতিষ্ঠানে। ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রার তুলনায় ৪১ কোটি টাকার বেশি নিট মুনাফা অর্জন করেছে বন্দরটি—যা দেশের সমুদ্রপথভিত্তিক বাণিজ্যে নতুন আশার বার্তা দিচ্ছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান।
তিনি জানান, চলতি অর্থবছরে মোংলা বন্দরের নিট মুনাফার লক্ষ্যমাত্রা ছিল ২০ কোটি ৪৬ লাখ টাকা। কিন্তু অর্জিত হয়েছে ৬২ কোটি ১০ লাখ টাকা—লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় তিনগুণ বা ৪১ কোটি ৬৪ লাখ টাকা বেশি।
মোংলা বন্দরে চলতি অর্থবছরে বিদেশি জাহাজ এসেছে ৮৩০টি, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮০০টি। অর্থাৎ ৩০টি বেশি জাহাজ এসেছে, যা প্রায় ৩.৭৫ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।
কার্গো হ্যান্ডলিংয়ের দিকেও এসেছে বড় সাফল্য। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮৮ লাখ ৮০ হাজার মেট্রিক টন, সেখানে বাস্তবে হ্যান্ডলিং হয়েছে ১০৪ লাখ ১২ হাজার মেট্রিক টন—১৭.২৫ শতাংশ বেশি।
কনটেইনার হ্যান্ডলিংয়েও লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে বন্দর। নির্ধারিত ২০ হাজার টিইইউ’র বিপরীতে হ্যান্ডলিং হয়েছে ২১ হাজার ৪৫৬ টিইইউ—৭.২৮ শতাংশ বেশি।
২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৩৪ কোটি ৮৭ লাখ টাকা। অর্জন হয়েছে ৩৪৪ কোটি ৩৩ লাখ টাকা, যা ৯ কোটি ৪৬ লাখ এবং ২.৮৩ শতাংশ বেশি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, “শিপিং এজেন্ট, সি অ্যান্ড এফ এজেন্ট, স্টেকহোল্ডারদের সঙ্গে নিবিড় সমন্বয়, অভ্যন্তরীণ ব্যবসা উন্নয়ন কমিটি গঠন, এবং বন্দর পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগানোর কারণেই এই সফলতা এসেছে।”
তিনি আরও জানান, বর্তমানে বন্দরে কোনো জাহাজজট নেই। কনটেইনার খালাসে টার্ন অ্যারাউন্ড টাইম গড়ে ১.৬৬ দিন (৪০ ঘণ্টা) এবং অন্যান্য ক্ষেত্রে ৩.৩৭ দিন (৭৮ ঘণ্টা)। গাড়ি আমদানিকারকদের জন্য রয়েছে সাতটি পৃথক টি-ইয়ার্ড, রয়েছে ৩৮টি সহায়ক জলযান।
বন্দরে নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডের নিয়মিত টহল, আইএসপিএস কোড মেনে চলা, এবং নিরাপদ নৌপথ গঠনে আধুনিক উদ্যোগ নেওয়া হয়েছে। ১৪৪ কিলোমিটার দীর্ঘ চ্যানেলে লাইটেড বয়া ও লাইট টাওয়ার বসানো হয়েছে, যাতে দিন-রাত নির্বিঘ্নে জাহাজ চলাচল সম্ভব হয়। জাহাজ ভেড়ানোর জন্য রয়েছে ৪৯টি বার্থিং পয়েন্ট।
বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর স্বচ্ছতা ও জবাবদিহিতায় গুরুত্ব দিয়েছেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শনে এসে উন্নয়নের নির্দেশনা দিয়েছেন। ফলে প্রশাসনিক চাঞ্চল্য ও কর্মদক্ষতা অনেক বেড়েছে।”

