যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কার্যকর হওয়ার আগেই সমঝোতার চেষ্টা করছে বাংলাদেশ। বাণিজ্যিক অংশীদারিত্ব রক্ষায় ওয়াশিংটনে চলছে দ্বিতীয় দফার আলোচনা। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দিনভর এই আলোচনা বিশেষভাবে কেন্দ্রিত ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক ও চলমান শুল্ক সংকটের ওপর।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউএসটিআর, কৃষি, শ্রম, পরিবেশ, অর্থ, মেধাস্বত্ব ও বিনিয়োগ—বিভিন্ন খাতের সিনিয়র কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।
উল্লেখ্য, গত ২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শতাধিক দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্কের ঘোষণা দেন। এতে বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা জানানো হয়। এই সিদ্ধান্ত ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এখনও সমঝোতার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেন, “যেসব দেশ ছাড় দিতে রাজি, তাদের প্রতি আমরা সদয় হবো।” বাংলাদেশ এখন সেই ছাড় আদায়ের কূটনৈতিক চেষ্টায় দ্বিতীয়বারের মতো আলোচনায় বসেছে, যাতে রপ্তানি খাত বিশেষ করে পোশাক শিল্পকে এই শুল্কের নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করা যায়।

