দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও চালু থাকবে সব কাস্টম হাউস। ১১ ও ১২ জুলাই, শুক্রবার ও শনিবার—এই দুইদিন কাস্টম কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বৃহস্পতিবার (১০ জুলাই) কাস্টমস নীতির প্রথম সচিব মু. রইচ উদ্দিন খানের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ধীরগতির কারণে সাম্প্রতিক সময়ে আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব দেখা দিয়েছে। এতে পণ্যচালান ছাড়ে ব্যাঘাত ঘটছে। এ অবস্থায় দেশের বাণিজ্য ধারাবাহিক রাখতে কাস্টমস কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল, মোংলা, আইসিডি (কমলাপুর) এবং পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের চিঠি দেওয়া হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং দেশের বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের প্রধানদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
কাস্টমস বিভাগ আশা করছে, এ পদক্ষেপের ফলে ব্যবসায়ীদের হয়রানি কমবে এবং আমদানি-রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিক থাকবে।

