বাংলাদেশের তৈরি পোশাকের পর সবচেয়ে বেশি রপ্তানি হয় চামড়াজাত পণ্য। সেই বাজারেই এবার শঙ্কা ঘনিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন রপ্তানিকারকরা। তাদের আশঙ্কা, অতিরিক্ত শুল্কের কারণে মার্কিন বাজারে টিকতে হিমশিম খেতে হবে। প্রতিযোগিতা বাড়বে, আর আমদানিকারকরা সস্তায় পণ্য পেতে মুখ ফেরাবেন বাংলাদেশের দিক থেকে।
৫১ শতাংশে শুল্ক, হুমকির মুখে রপ্তানি
যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এতে আগের ১৬ শতাংশসহ মোট শুল্ক দাঁড়িয়েছে ৫১ শতাংশে। অর্থাৎ, বাংলাদেশ থেকে আমদানি করা ১০০ ডলারের একটি পণ্যে এখন যুক্তরাষ্ট্রে ৫১ ডলার শুল্ক দিতে হবে। এতে সেখানকার বাজারে দাম বেড়ে যাবে, বিক্রি কমবে—এই বাস্তবতা নিয়ে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা।
চামড়াজাত পণ্যের যুক্তরাষ্ট্রের বাজার ১০০ বিলিয়ন ডলারের বেশি। বাংলাদেশ প্রতিবছর সেখানে প্রায় ৮ থেকে ১০ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে। তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বলছে, প্রকৃত অঙ্ক আরও বড়। ইপিবির হিসাবে, ২০২৩-২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্রে এসব পণ্যের রপ্তানি হয়েছে ২৭ কোটি ডলারের মতো। এর মধ্যে রয়েছে সুটকেস, হ্যান্ডব্যাগ, ওয়ালেটসহ নানা অ্যাক্সেসরিজ। সদ্য শেষ হওয়া অর্থবছরে এ অঙ্ক আরও বেড়েছে।
শুল্কবৃদ্ধিতে প্রতিযোগিতার শঙ্কা
লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (LFMEAB) জ্যেষ্ঠ সহসভাপতি ও লেদারেক্স ফুটওয়্যারের এমডি মো. নাজমুল হোসেন জানান, ভারতের মতো প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের শুল্ক হার অনেক বেশি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ক্রেতারা অর্ডার কমিয়ে দিতে পারে। এতে রপ্তানি বড় ধাক্কা খাবে।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (BFLLFEA) ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আউয়ালও সতর্ক করেছেন—শুল্ক বাড়লে শুধু পোশাক খাত নয়, চামড়া খাতও ক্ষতির মুখে পড়বে। চীনে বাংলাদেশের চামড়া সবচেয়ে বেশি রপ্তানি হয়। কিন্তু সেখানেও ট্রাম্প প্রশাসনের উচ্চ শুল্ক থাকায় চীনা ক্রেতারা এখন দাম কমানোর চাপ দিচ্ছেন। ফলে ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশে কার্যরত চীনা প্রতিষ্ঠানগুলোও।
চামড়া খাতের রপ্তানি ধরে রাখতে আবদুল আউয়াল তিনটি পরামর্শ দিয়েছেন—
- যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের শুল্ক কমাতে লবিস্ট নিয়োগ করতে হবে
- কূটনৈতিকভাবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার গতি বাড়াতে হবে
- প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে হবে
সংকটে মধ্যবিত্তের বাজার
BFLLFEA-এর সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহিন জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য মূলত মধ্যবিত্ত শ্রেণির মধ্যে জনপ্রিয়। অথচ বর্তমানে যুক্তরাষ্ট্রে ব্যয় বাড়ছে, অর্থনৈতিক চাপও রয়েছে। ফলে মধ্যবিত্তরা উচ্চমূল্যের পণ্য কেনা কমিয়ে দেবেন। এতে সরাসরি আঘাত আসবে বাংলাদেশের রপ্তানিতে।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, তারা সীমিত পরিসরে চামড়াজাত পণ্য রপ্তানি শুরু করেছেন। তবে শুল্ক বৃদ্ধি এ খাতেও বড় চ্যালেঞ্জ তৈরি করবে।

