টানা বৃষ্টির প্রভাবে হঠাৎ করেই আকাশচুম্বী হয়ে উঠেছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে এই কাঁচা পণ্যের দাম বেড়েছে প্রায় পাঁচ থেকে ছয় গুণ। বর্তমানে নওগাঁর খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকায়।
আজ সকালে নওগাঁর পৌর বাজার ও সিও অফিস এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, বাজারজুড়ে কাঁচা মরিচের সরবরাহ কম। দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে সাধারণ ক্রেতাদের মাঝে।
বিক্রেতারা জানাচ্ছেন, টানা বৃষ্টির কারণে জমি জলমগ্ন হয়ে পড়েছে। মরিচের গাছ নষ্ট হচ্ছে। ফলে মাঠ থেকে মরিচ সংগ্রহ করতে পারছেন না কৃষকরা। এতে সরবরাহ কমে গেছে এবং বাড়ছে দাম।
নওগাঁর কৃষক রাসেল হোসেন বলেন, “এক সপ্তাহ আগেও হাটে গিয়ে মরিচ বিক্রি করতে হয়েছে ১০ থেকে ১৫ টাকা কেজি দরে। তখন শ্রমিকের মজুরি উঠতো না। এখন বৃষ্টিতে গাছই নষ্ট হয়ে যাচ্ছে, তুলতেই পারছি না।”
খুচরা ব্যবসায়ীদের ভাষ্যমতে, মাত্র এক সপ্তাহ আগেও পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল ১০ থেকে ১৫ টাকা কেজি দরে, খুচরা বাজারে ছিল ৩০ থেকে ৪০ টাকা। এখন পাইকারি দরে মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা, আর খুচরায় ২৩০ থেকে ২৪০ টাকা।
নওগাঁ সিও অফিস বাজারের খুচরা বিক্রেতা সাগর আলী বলেন, “গত সপ্তাহে ৩০-৪০ টাকায় যেটা বিক্রি করছিলাম, সেই মরিচই এখন ভোরে পাইকারি বাজার থেকে কিনতে হচ্ছে ২০০ টাকায়। বাধ্য হয়ে ২৪০ টাকা দরে বিক্রি করছি। বৃষ্টি থামলে দাম কমে যাবে।”
দাম বাড়ায় বাজারে গিয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা। কেউ কেউ অভিযোগ করছেন, অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন।
শহরের যমুনা আবাসিক এলাকার বাসিন্দা শ্রাবনী বলেন, “এক সপ্তাহ আগে ৩০ টাকায় কিনেছি, আজ ২৪০ টাকা! গতকাল ছিল ১২০ টাকা। মনে হচ্ছে কালই ৩০০ টাকা ছাড়িয়ে যাবে।”
আরেক ক্রেতা বাদল বলেন, “গাছ নষ্টের অজুহাতে দাম বাড়ানো হলেও বাজারে তো এখনও মরিচ পাওয়া যাচ্ছে। নিয়মিত মনিটরিং হলে এমন অসঙ্গতি হতো না।”
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, এ বছর জেলায় ৯৬৫ হেক্টর জমিতে কাঁচা মরিচের চাষ হয়েছে। কিন্তু লাগাতার বৃষ্টিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে করে বাজারে সরবরাহ কমছে এবং দাম বেড়ে যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের সময়ে বাজার মনিটরিং জোরদার না হলে এই ধরনের পণ্যের দামে অস্থিরতা তৈরি হবে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় বাজারে।

