যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য প্রস্তুত থাকা পোশাকপণ্য নিয়ে চাপে পড়েছেন বাংলাদেশি উদ্যোক্তারা। পণ্যের মূল্য কমানো এবং নতুন করে আরোপিত বাড়তি শুল্কের একটি অংশ বহনের জন্য চাপ দিচ্ছে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো।
এই মুহূর্তে রপ্তানির প্রস্তুতিপর্বে থাকা পোশাকের আনুমানিক মূল্য ২০০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই হাজার কোটি টাকা। এসব নিয়ে জটিলতা তৈরি হওয়ায় নতুন রপ্তানি আদেশও আপাতত স্থগিত হয়ে গেছে।
রপ্তানি চুক্তির পর পণ্যের মান, নকশা বা সময়সীমা পরিবর্তনের সুযোগ থাকে না। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পণ্য পৌঁছাতে হয়। এমনকি আর্থিক ক্ষতির আশঙ্কা থাকলেও অনেক সময় আকাশ পথে তা পাঠাতে হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, শ্রম অসন্তোষ কিংবা কোভিডের মতো বৈশ্বিক দুর্যোগের সময় মার্কিন ক্রেতারা অনৈতিকভাবে পণ্যের দাম কমাতে চাপ দেয়—এই অভিযোগ পুরোনো।
প্যাসিফিক সোয়েটার্স সারা বছর যুক্তরাষ্ট্রে পণ্য সরবরাহ করে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদ জানান, একটি বড় মার্কিন ব্র্যান্ডের জন্য ৬০ হাজার পিস টি-শার্ট তৈরির কাজ চলছিল। হঠাৎ নতুন শুল্ক ঘোষণার পর ব্র্যান্ডটি কাজ বন্ধ রাখার ই-মেইল পাঠায়। এখন মাঝপথে কাজ থামিয়ে দিতে হচ্ছে, যা বড় ধরণের আর্থিক ক্ষতির কারণ হতে যাচ্ছে। আদেশ পুনরায় চালু হবে কিনা, সে বিষয়েও কোনো নিশ্চয়তা মেলেনি। তিনি বলেন, ৯ জুলাইয়ের সিদ্ধান্তের ওপর তারা নির্ভর করছে। তবে বাণিজ্যিক কারণে ব্র্যান্ডটির নাম প্রকাশ করতে চাননি তিনি।
তিনি আরও জানান, আগাম শুল্ক জটিলতার শঙ্কায় কিছু পণ্য আগেভাগে বেশি নিয়েছিল মার্কিন ক্রেতারা।
ওভেন পোশাক খাতের অন্যতম প্রতিষ্ঠান অনন্ত গার্মেন্টসও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ডের জন্য নিয়মিত কাজ করে। এর ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান বাবলু জানান, শুল্ক আরোপের ঘোষণার পর মার্কিন একটি ব্র্যান্ডের আমন্ত্রণে জরুরি বৈঠকে বসতে হয়। তাদের বক্তব্য ছিল, বাড়তি শুল্ক দিয়ে পণ্য নিলে ক্রেতা প্রতিষ্ঠানগুলোই বিপাকে পড়বে। এর ফলে, শুল্কের একটি অংশ সরবরাহকারীকে বহন করতে হবে বলে বোঝা যাচ্ছে।
বিজিএমইএর সহ-সভাপতি জানান, মার্কিন বাজারে কাজ করা অধিকাংশ রপ্তানিকারকই এখন একই ধরনের সংকটে। প্রায় ২০০ কোটি ডলারের পণ্য এই পরিস্থিতিতে পড়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৮৭০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যার ৮৫ শতাংশই তৈরি পোশাক। আর এই পোশাক রপ্তানির ২০ থেকে ২২ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে।
গত সোমবার ও বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ২০টি দেশের ওপর বিভিন্ন হারে শুল্ক আরোপের ঘোষণা দেন। বাংলাদেশি পণ্যে এই বার্তায় অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। ফলে মোট শুল্ক দাঁড়াবে প্রায় ৫১ শতাংশ। এর আগে আরোপিত ১০ শতাংশ শুল্ক কার্যকর থাকলে সেটা ৬১ শতাংশে পৌঁছাবে।
চীন, ভিয়েতনাম, ভারত ও পাকিস্তানের মতো বড় প্রতিযোগীদের ওপর এই বাড়তি শুল্ক না থাকায়, বাংলাদেশ ‘অসম প্রতিযোগিতার’ মুখে পড়বে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসান বলেন, শুল্ক এখনো কার্যকর হয়নি, আলোচনাও চলছে। তবে এর মধ্যেই অনেক মার্কিন ক্রেতা দাম কমানোর জন্য চাপ দিচ্ছেন। কোনো কোনো প্রতিষ্ঠান ১ ডলার পর্যন্ত দর কমাতে চায়। তিনি বলেন, “মার্কিন ক্রেতারা অনেক দিন ধরেই অনৈতিক দর-কষাকষির সঙ্গে অভ্যস্ত। এবার নতুন শুল্ক তাদের হাতে আবারও সুযোগ এনে দিয়েছে।”

