বাংলাদেশে ভাত মানেই চাল—আর এই চাল নিয়েই চলছে এক দুঃসহ নাটক। বছরজুড়ে যেটুকু চাহিদা, তার চেয়ে দেশে উৎপাদন হয় বেশি। বিদেশ থেকেও আসে লক্ষ টন চাল। বিশ্ববাজারে দাম কমেছে চোখে পড়ার মতো। অথচ দেশের বাজারে চালের দাম যেন পেছনে ফেলে দিচ্ছে সমস্ত যুক্তি-পরিসংখ্যান। প্রশ্ন জাগে—কেন?
গত এক বছরে দেশে চালের দাম বেড়েছে প্রায় ৭.১৪ শতাংশ, যেখানে একই সময়ে বিশ্ববাজারে দাম কমেছে ২৪.১৯ শতাংশ। দেশে চালের বার্ষিক চাহিদা প্রায় ৩ কোটি ৫০ থেকে ৮০ লাখ টন। উৎপাদন হচ্ছে ৪ কোটি টনের বেশি। তাছাড়া, গত এক বছরে ১৩ লাখ টন চাল আমদানিও হয়েছে। শুধু দেশীয় উৎপাদন দিয়েই চাহিদা পূরণের কথা, সেখানে আমদানি তো বাড়তি সুবিধা হওয়ার কথা। তার ওপর এবার বোরোর ফলনও ভালো হয়েছে। তাহলে সব ভালো থাকার পরও—কেন এই মূল্যবৃদ্ধি?
উত্তর লুকিয়ে আছে বাজারের অদৃশ্য কিন্তু ভয়াবহ প্রভাব বিস্তারকারী এক শক্তির হাতে—সিন্ডিকেট।
বাড়ছে দাম, কষ্টে জনতা
আমরা যদি গত বছরের জুলাইয়ের সাথে এ বছরের জুলাইয়ের বাজার দামের তুলনা করি, একটা ভয়ঙ্কর চিত্র স্পষ্ট হয়। মিনিকেট বা নাজিরশাইল চালের কেজি ৬০–৭৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫–৮৫ টাকা। পাইজাম বা আটাশ চালের দাম ৫২–৫৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৭০ টাকা পর্যন্ত। এমনকি গরিব মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য মোটা চালও ছাড় দেয়নি, ৪৮–৫২ টাকা থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা পর্যন্ত।
এমন অবস্থায় শুধু দিনমজুর বা শ্রমজীবী মানুষই নয়, নাকানি-চুবানি খাচ্ছে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত শ্রেণির সবাই। একদিকে বাড়ছে গ্যাস-পানি-বিদ্যুতের বিল, অন্যদিকে নিত্যপণ্যের এই অযৌক্তিক মূল্যবৃদ্ধি, যার কেন্দ্রে আছে চাল—প্রধান খাদ্য। ফলাফল? মানুষের টিকে থাকাই হয়ে পড়ছে কঠিন।
দায় কার?
এ প্রশ্নের উত্তর খুঁজতে খুব বেশি অর্থনীতিবিদ হওয়া লাগে না। বছরজুড়ে দেশে চালের কোনো ঘাটতি নেই, উৎপাদন পর্যাপ্ত, আমদানি যথেষ্ট। তাহলে সমস্যা কোথায়?
সমস্যা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং একদল চাল মজুতকারী, করপোরেট ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীর হাতে বাজারের লাগাম তুলে দেওয়া। এরা সিন্ডিকেট গড়ে তোলে। গুদামে চাল আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি করে। দাম বাড়ায় ইচ্ছেমতো, নিয়ন্ত্রণ করে সরবরাহ। সরকার এখানেই অসহায়। যে সংস্থাগুলোর কাজ বাজার পর্যবেক্ষণ, তদারকি, নজরদারি—তারা প্রায়ই ব্যর্থ কিংবা নিশ্চুপ।
গত বছরের রাজনৈতিক পালাবদলের পর জনগণের আশার আলো জ্বলেছিল—সিন্ডিকেট ভাঙবে, বাজার হবে স্বাভাবিক। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে, সেই সিন্ডিকেট আগের মতোই সক্রিয়, আরও পরিণত এবং ধূর্ত।
কী হতে পারে করণীয়?
চালের বাজারে স্বচ্ছতা আনতে হলে সরকারকে এবার সত্যিই কঠোর হতে হবে। সিন্ডিকেটকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। গুদামজাত চালের তথ্য উন্মুক্ত করতে হবে, প্রতি সপ্তাহে চালের বাজার মনিটর করে জনসমক্ষে প্রতিবেদন প্রকাশ করতে হবে। জেলা পর্যায়ে বাজার ব্যবস্থাপনায় প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই।
চাল নিয়ে চালবাজি নতুন নয়, কিন্তু জনগণ আর এই অন্যায়ের ভার বইতে চায় না। বাজারে স্বস্তি ফিরুক—এটাই এখন কোটি মানুষের একটাই প্রত্যাশা।

