চলতি ২০২৫-২৬ অর্থবছর শেষে সরকারের দেশি-বিদেশি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় ২৩ লাখ ৪২ হাজার কোটি টাকা। এ হিসেবে আগামী জাতীয় নির্বাচন ঘোষিত সময়েই হলে নতুন সরকারের কাঁধে পড়বে বড় অঙ্কের ঋণের বোঝা।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানিয়েছে, এই ঋণের মধ্যে দেশি ঋণ থাকবে ১৩ লাখ ২৬ হাজার ৮০০ কোটি টাকা, আর বিদেশি ঋণ হবে ১০ লাখ ১৫ হাজার ২০০ কোটি টাকা। এই হিসাব এসেছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপলক্ষে প্রকাশিত অর্থ বিভাগের তিন বছর মেয়াদি মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি-বিবৃতি থেকে। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছর শেষে ঋণের পরিমাণ বাড়বে ২৬ লাখ ৩ হাজার ২০০ কোটি টাকা। আর ২০২৭-২৮ অর্থবছরে তা বেড়ে ২৮ লাখ ৯৩ হাজার ৮০০ কোটি টাকা ছাড়াবে।
অর্থ বিভাগের প্রাক্কলনের সময় দেশজ রাজস্ব আদায়ের চিত্র খুব একটা আশাব্যঞ্জক নয়। রাজস্ব-জিডিপি অনুপাত আট শতাংশের ঘরে রয়ে গেছে। এরই মধ্যে ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাবে। তখন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে উচ্চ সুদে স্বল্পমেয়াদি ঋণ নিতে হবে। ফলে ঋণ পরিশোধের চাপও বাড়বে। বাজেট নথিতে আরও দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে সরকারের ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৮১ হাজার ৯০০ কোটি টাকা। পরে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে তা ২২ লাখ ৩ হাজার ৯০০ কোটি টাকা ধরা হলেও, অন্তর্বর্তী সরকার সেটি ২১ লাখ ১১ হাজার ৯০০ কোটি টাকায় নামিয়ে এনেছে।
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় বলেন, “বিগত সরকারের রেখে যাওয়া সংকটাপন্ন অর্থনীতিকে স্বাভাবিক করতে বৈদেশিক ঋণ সহনীয় পর্যায়ে রাখা হবে।” অর্থ বিভাগের নীতি-বিবৃতিতে বলা হয়েছে, ঋণ-জিডিপি অনুপাত এখনো সহনীয়, তবে তা ধীরে ধীরে বাড়ছে। বৈদেশিক ও সামগ্রিক ঋণ এখন পর্যন্ত ‘নিম্ন ঝুঁকিপূর্ণ’ অবস্থানে থাকলেও, ভবিষ্যতে তা বহিঃশক ও রাজস্ব ঘাটতির কারণে বাড়তে পারে। এছাড়া ২০২৫-২৬ থেকে ২০২৬-২৭ সময়কালের মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশলপত্রে বলা হয়েছে, ঋণের পরিমাণ বেশি হওয়ায় বাংলাদেশ নিম্ন থেকে প্রায় উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে পৌঁছে গেছে। বিশেষ উদ্বেগের জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে বৈদেশিক ঋণ ও রপ্তানি অনুপাত, যা এখন ১৪০ শতাংশে দাঁড়িয়েছে। এই অনুপাত উন্নত না হলে মধ্যমেয়াদে ঋণ ব্যবস্থাপনায় বড় ঝুঁকির আশঙ্কা রয়েছে।
বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধের ব্যয়ও উল্লেখযোগ্য হারে বাড়ছে। ২০২৩-২৪ অর্থবছরে বিদেশি ঋণের আসল পরিশোধ হয়েছে ২০২ কোটি ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে ২৬১ কোটি ডলারে পৌঁছাবে। ২০২৫-২৬ অর্থবছরে এই ব্যয় হবে ২৯০ কোটি ডলার, এরপরের দুই বছরে তা বেড়ে দাঁড়াবে ৩১২ ও ৩৩৪ কোটি ডলারে। বিদেশি ঋণের সুদসহ মোট পরিশোধ ব্যয় এ চিত্রকে আরও গুরুতর করে তুলবে।
২০২৩-২৪ অর্থবছরে ঋণ-জিডিপির অনুপাত ছিল ৩৭.৬২ শতাংশ। পরের বছরের মূল বাজেটে তা বাড়িয়ে ৩৯.৩৭ শতাংশ ধরা হলেও, অন্তর্বর্তী সরকার তা ৩৭.৪১ শতাংশে নামিয়ে আনে। নীতি-বিবৃতি বলছে, অনুপাত ক্রমেই বাড়বে— ২০২৫-২৬ অর্থবছরে ৩৭.৫ শতাংশ, ২০২৬-২৭ অর্থবছরে ৩৭.৬৩ শতাংশ, এবং ২০২৭-২৮ অর্থবছরে তা হবে ৩৭.৭২ শতাংশ। অন্যদিকে, জিডিপির আকারও পরিবর্তন হয়েছে।
আওয়ামী লীগ সরকার ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জিডিপি প্রাক্কলন করেছিল ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা, যা অন্তর্বর্তী সরকার কমিয়ে ৫৫ লাখ ৫২ হাজার ৭৫৩ কোটি টাকায় এনেছে। আগামী অর্থবছরের জন্য জিডিপির প্রাক্কলন ৬২ লাখ ৪৪ হাজার ৫৭৮ কোটি টাকা।
বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, “ঋণ-জিডিপির অনুপাত যে জায়গায় এসেছে, তা যথেষ্ট উদ্বেগজনক। কয়েক বছরের মধ্যে বিদেশি ঋণের বড় অংশের আসল পরিশোধ করতে হবে।” তিনি আরও বলেন, “সরকারকে এখন দর-কষাকষির দক্ষতা অর্জন করতে হবে। কর-জিডিপির অনুপাতের দুষ্টচক্র থেকেও বের হতে হবে।” তার মতে, “আগের সরকার আইএমএফের নির্ধারিত সীমার মধ্যেই আছে বলে ঋণ নিয়েছে বাছবিচারহীনভাবে। এটা অনেকটা অন্ধকারে শিস দিয়ে সাহস পাওয়ার মতো। এখন এই অবস্থা থেকে বের হতে হলে ভবিষ্যৎ সরকারকে হতে হবে আরও সতর্ক।

