বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আমিরুল হক। তিনি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মেয়াদে সিমেন্ট শিল্প মালিকদের এ সংগঠনের নেতৃত্ব দেবেন।
এর আগে সংগঠনটির সভাপতি ছিলেন ক্রাউন সিমেন্টের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির। তিন দফা দায়িত্ব পালনের পর নিয়ম অনুযায়ী নতুন সভাপতির হাতে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। প্রায় চার দশক ধরে দেশের শিল্প ও বাণিজ্য খাতে সক্রিয়ভাবে যুক্ত আছেন আমিরুল হক। তিনি প্রিমিয়ার সিমেন্ট মিলস ও সিকম গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি দেশের পেট্রো-কেমিক্যাল, শিপিং, বীজ প্রক্রিয়াকরণ, ভোজ্যতেল পরিশোধন, আটা কল, চিংড়ি হ্যাচারি, ব্যাগ ও স্যাক উৎপাদন এবং রিয়েল এস্টেট খাতে তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান।
শিল্প খাতের বাইরে তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দেশের ব্যবসা ও আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে মোহাম্মদ আমিরুল হক একাধিকবার সিআইপি নির্বাচিত হয়েছেন। শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে স্নাতক এবং যুক্তরাজ্য থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

