২০২৪-২৫ অর্থবছরের শেষ সময়ে এসে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণ উল্লেখযোগ্যভাবে কমেছে। বছরের শেষদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)সহ বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে বড় অঙ্কের ঋণ পায় সরকার। এই বৈদেশিক ঋণ দেশের রিজার্ভে যুক্ত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের আগের ঋণগুলো পরিশোধ করা সম্ভব হয়।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, বিদায়ী অর্থবছরে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩৬৯ কোটি টাকা। একই সময়ে বাংলাদেশ ব্যাংককে আগের নেওয়া ঋণ পরিশোধ করা হয়েছে ৬৩ হাজার ৯৯৭ কোটি টাকা, যার মধ্যে শুধু শেষ দিনেই পরিশোধ করা হয়েছে ৬ হাজার ১১১ কোটি টাকা। সব মিলিয়ে ব্যাংক খাত থেকে সরকারের নিট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭২ হাজার ৩৭২ কোটি টাকা।
প্রাথমিক বাজেটে চলতি অর্থবছরের জন্য ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। পরে তা সংশোধন করে ৯৯ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। অর্থবছর শেষে সরকারের মোট ঋণের স্থিতি বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪৬ হাজার ৮৬২ কোটি টাকায়, যা আগের বছরের জুনে ছিল ৪ লাখ ৭৪ হাজার ৪৯০ কোটি টাকা।
অর্থবছরের প্রথম ১১ মাস ১৫ দিনেই সরকার সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছিল। ১ জুলাই থেকে ১৫ জুন পর্যন্ত সময়ে কেবল বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া নিট ঋণের পরিমাণ ছিল ৯৯ হাজার ৫৯০ কোটি টাকা। অর্থবছরের শেষ দিকে সরকারের ব্যয় বেড়ে যাওয়ায় ও রাজস্ব আদায় প্রত্যাশিত মাত্রায় না হওয়ায় ঋণ নির্ভরতা বাড়ে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা। পরে বৈদেশিক ঋণ ছাড়ের গতি বাড়ায় বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া আগের ঋণ সমন্বয় করে সরকার। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর বাড়তি চাপ পড়ে, যেগুলোর অনেকেই আগে থেকেই তারল্য সংকটে রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সরকারের এই ঋণনীতি বেসরকারি খাতের জন্য ঝুঁকিপূর্ণ। অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, মূল্যস্ফীতি ও বিনিয়োগে স্থবিরতার এই সময় সরকার যদি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেয়, তাহলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে। বিনিয়োগ কমে যাবে, কর্মসংস্থান কমবে এবং প্রবৃদ্ধির ওপর চাপ বাড়বে।
তিনি বলেন, “সরকার এখন বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিচ্ছে না। তার পরিবর্তে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, যদিও সেগুলোর অনেকেরই তারল্য সংকট আছে। এমন পরিস্থিতিতে সরকারের উচিত রাজস্ব আদায়ে মনোযোগী হওয়া, যেন ব্যাংকের ওপর নির্ভরতা কমে।”
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় দাঁড়িয়েছে ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকায়, যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫ হাজার ৩২৩ কোটি টাকা কম। আগের অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ছিল ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা। ফলে রাজস্ব আয় কমেছে ১৪ হাজার ৩৮৫ কোটি টাকা।
তবে বছর শেষে সরকার বড় অঙ্কের বৈদেশিক ঋণ পায়, যার মধ্যে রয়েছে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও এআইআইবির মতো সংস্থার দেওয়া মোট ৫০০ কোটি ডলারের ঋণ। এসব ঋণের মাধ্যমে অনেক ঋণ সমন্বয় সম্ভব হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “অর্থবছরের শেষ সময়ে বৈদেশিক ঋণ রিজার্ভে যুক্ত হওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া অনেক ঋণ পরিশোধ করা সম্ভব হয়েছে। ফলে নিট ঋণ কমেছে। তবে বাণিজ্যিক ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে, আর এতে ব্যাংকগুলো লাভবান হলেও বেসরকারি খাতে ঋণ প্রবাহ কিছুটা কমে যাচ্ছে।”

