ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ঢাকার ধানমন্ডির একটি সরকারি প্রকল্পে নির্মাণাধীন বহুতল ভবনের ফ্ল্যাট বরাদ্দে অনিয়ম হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন ওই প্রকল্পে প্রভাব খাটিয়ে নীতিমালা লঙ্ঘন করে সরকারি কোটা থেকে বরাদ্দ নিয়েছিলেন তিনজন সাবেক বিচারক। পরবর্তীতে তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় ফ্ল্যাট বরাদ্দ বাতিল করেছে মন্ত্রণালয়।
সাবেক যেসব বিচারকের বরাদ্দ বাতিল হয়েছে, তারা হলেন— অবসরপ্রাপ্ত বিচারক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হক, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম।
তথ্য মতে, এই তিনজন বিচারক ধানমন্ডির অভিজাত এলাকায় সরকারের জন্য নির্ধারিত ফ্ল্যাট নিজেদের নামে বরাদ্দ নেন। মো. জহুরুল হক ৪,১০৫ বর্গফুট, মঞ্জুরুল বাছিদ ২,৩১৫ বর্গফুট এবং সৈয়দ আমিনুল ইসলাম ২,০৪৯ বর্গফুট আয়তনের ফ্ল্যাট পেয়েছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর এসব বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। তখন দুদকে জমা দেওয়া একাধিক অভিযোগে বলা হয়, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ‘দিনের ভোট রাতে নেওয়ার সঙ্গে জড়িত’ সচিব পদমর্যাদার ১২ কর্মকর্তাকে ‘পুরস্কৃত’ করতেই শেখ হাসিনার শাসনামলে এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়।
দুদক ওই অভিযোগ তদন্ত করে বরাদ্দে অনিয়মের প্রমাণ পায়। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষও একটি তদন্ত কমিটি গঠন করে। পরে দুদকের অনুসন্ধান ও গৃহায়ণ কর্তৃপক্ষের প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ২৭৪তম বোর্ড সভায় তিন সাবেক বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল করা হয়। এ তথ্য এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

