বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিদেশি মালিকানা ৮০ শতাংশ নির্ধারণের সরকারি প্রস্তাবে সন্তুষ্ট নয় বিদেশি মোবাইল অপারেটররা। যদিও সরকারের প্রস্তাব অনুযায়ী, সর্বোচ্চ ৮০ শতাংশ মালিকানা বিদেশিরা রাখতে পারবে, বাকি ২০ শতাংশ দেশি অংশীদারের অধীনে থাকবে—তবুও বিদেশি কোম্পানিগুলো শতভাগ মালিকানা চায়। তারা সরাসরি কিছু না বললেও সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এমনকি দেশীয় অপারেটররাও বিদেশি কোম্পানির মতোই পূর্ণ মালিকানার পক্ষপাতী।
এ বিষয়ে ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং ব্যবস্থার সংস্কার নীতিমালা–২০২৫’ (খসড়া) এপ্রিলে প্রকাশিত হয়। সম্প্রতি সরকারের সংশোধিত প্রস্তাবে মালিকানার এই সীমা নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়, মোবাইল অপারেটরদের ক্ষেত্রে বিদেশি মালিকানা সর্বোচ্চ ৮০ শতাংশে সীমাবদ্ধ থাকবে।
সরকারি এই প্রস্তাবে উদ্বেগ জানিয়ে একযোগে চিঠি দিয়েছে তিনটি প্রধান মোবাইল অপারেটরের মূল কোম্পানি—টেলিনর (গ্রামীণফোন), আজিয়াটা (রবি) ও ভিওন (বাংলালিংক)। তাঁরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বরাবর চিঠিটি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়, খসড়া নীতিমালার কিছু প্রস্তাব বাস্তবায়িত হলে চলমান ও ভবিষ্যৎ বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। ৩ জুলাই পাঠানো ওই চিঠিতে টেলিনর এশিয়ার প্রধান ইয়োন ওমুন্ড রেভহাউগ, রবি আজিয়াটার সিইও বিবেক সুদ এবং ভিওনের সিইও কান তেরজিওগ্লো সই করেন।
তাদের আশঙ্কা—বিদেশি মালিকানায় সীমা চাপিয়ে দিলে বিনিয়োগকারীদের আস্থা কমবে। ফলে টেলিকম খাতে সম্ভাব্য প্রবৃদ্ধি ব্যাহত হবে। চিঠিতে আরও বলা হয়, শুধু মোবাইল অপারেটর নয়, অন্যান্য ডিজিটাল অবকাঠামোভিত্তিক অপারেটরদের ক্ষেত্রেও ৫৫ শতাংশ বিদেশি মালিকানার সীমা পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে, যা অতিরিক্ত উদ্বেগের বিষয়।
তারা উল্লেখ করেন, দেশের টেলিকম খাত বহুদিন ধরে উন্মুক্ত ও বিদেশি-বান্ধব নীতির আওতায় ছিল, যা খাতটির দ্রুত উন্নয়নে সহায়ক হয়েছে। নতুন সীমা বিদেশি বিনিয়োগে অনীহা তৈরি করতে পারে। এতে অন্তর্বর্তী সরকারের বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টাও ক্ষতিগ্রস্ত হবে। চিঠিতে তারা আরও বলেন, নতুন লাইসেন্স কাঠামোতে মোবাইল অপারেটরদের কার্যপরিধি সংকুচিত করা হয়েছে। যেমন, ফাইবার সংযোগ ও আন্তর্জাতিক এসএমএসের নিয়ন্ত্রণ তৃতীয় পক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপ অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক এবং ব্যয়বহুল হতে পারে, যা পুরো ডিজিটাল ইকোসিস্টেমের জন্য ক্ষতিকর।
তারা সরকারকে আহ্বান জানান, বিষয়টি নিয়ে পদ্ধতিগত ও অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক। কারণ, এটি শুধু বিনিয়োগ নয়, দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পথেও বাধা হয়ে দাঁড়াতে পারে। এদিকে দেশের টেলিকম ব্যবসায়ীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, বিদেশি মালিকানার আধিক্য জাতীয় নিরাপত্তা ও স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ। একই সঙ্গে দেশীয় উদ্যোক্তাদের জন্য প্রতিযোগিতা অসম হয়ে দাঁড়াবে। কিছু ব্যবসায়ী মনে করেন, যদিও বিদেশি বিনিয়োগ প্রযুক্তিগত উন্নয়ন ও মূলধন প্রবাহে সহায়ক, তবুও ৮০ শতাংশ মালিকানার নীতি দেশের স্বার্থরক্ষায় যথেষ্ট কার্যকর নয়। একজন টেলিকম অপারেটর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদেশি বিনিয়োগকারীদের মালিকানা কমলে দেশে প্রভাবশালী খেলোয়াড়রা নীতিনির্ধারণে হস্তক্ষেপ করতে পারে। এতে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে।
বাংলাদেশ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএমএবি) সভাপতি মাহতাব উদ্দীন আহমেদ বলেন, ‘বিদেশি বিনিয়োগকারী যখন ৭৫ শতাংশ শেয়ারের মালিক হন, তখনই তাঁরা কার্যত কোম্পানির পূর্ণ নিয়ন্ত্রণে থাকেন। ফলে ২০ শতাংশ দেশি অংশীদার চাইলেও প্রভাব ফেলতে পারেন না। আমার মতে, কিছু সময় বাড়িয়ে দিলে এবং ধাপে ধাপে দেশি অংশীদারদের যুক্ত করলে তেমন কোনো সমস্যা হবে না।’
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, দেশীয় বিনিয়োগের জন্য নীতিটি সহায়ক হলেও বিদেশি কোম্পানিরা একক মালিকানার পক্ষে। কেউ যদি শেয়ার ছাড়তে না চায়, তাহলে হয়তো তিনি বাজার ছেড়ে দেবেন। এ অবস্থায় ঝুঁকি তৈরি হবে। কারণ আমাদের দেশে এখনো বড় কোনো বিকল্প বিনিয়োগকারী নেই। তিনি মনে করেন, বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় দুটি বিকল্প রাখা যেতে পারে—প্রথমত, আগের মতো শতভাগ মালিকানা রাখার সুযোগ, দ্বিতীয়ত, ৮০ শতাংশ রাখার পাশাপাশি ২০ শতাংশ দেশি অংশীদারের জন্য উন্মুক্ত রাখা।
বিশ্লেষকদের মতে, এই খসড়া নীতিমালাই ভবিষ্যতে দেশের টেলিকম খাতের রূপরেখা নির্ধারণ করবে। তাই সিদ্ধান্ত গ্রহণের আগে প্রযুক্তি, বিনিয়োগ ও জাতীয় স্বার্থ—সবদিক বিবেচনায় একটি ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ জরুরি।

