সরকার দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে সাপ্তাহিক ছুটির দিনেও অন্যান্য কাস্টম হাউস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এর সুফল এখনও চট্টগ্রাম কাস্টম হাউসে দেখা যায়নি।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছিল, আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। কিন্তু গত শুক্রবার চট্টগ্রাম কাস্টম হাউসে ব্যবহৃত বিশেষায়িত সফটওয়্যার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের আপডেটের কারণে শুল্কায়নের কাজ বন্ধ ছিল। সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং) এজেন্টরা কাস্টম হাউসে আসলেও কর্মকর্তারা কম্পিউটারে কাজ করতে পারেননি।
গত ১০ জুলাই এনবিআরের কাস্টমস নীতি শাখার প্রথম সচিব মু. রইচ উদ্দিন খান স্বাক্ষরিত একটি নির্দেশনায় বলা হয়, সফটওয়্যারের ধীরগতির কারণে পণ্যচালান ছাড়প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তাই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য সাপ্তাহিক ছুটির দিনেও কাস্টম হাউস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শুক্রবার সকালে চট্টগ্রাম কাস্টম হাউসে গিয়ে ব্যবসায়ীদের কাজ করতে না পেরে ফিরে যেতে হয়েছে। সফটওয়্যার আপডেটের কারণে শুল্কায়ন করা যায়নি। মূলত এ কারণেই সাপ্তাহিক ছুটির দিনেও কাস্টম হাউস খোলার কথা থাকলেও কাজ হয়নি। সরকারি ছুটির দিন কাস্টম হাউস খোলা থাকলেও ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট সেবা পুরোপুরি চালু ছিল না। শিল্প কারখানা ও গুদাম বন্ধ থাকায় সড়কে পণ্যবাহী যানবাহনের সংখ্যা কম ছিল। বন্দর কাস্টমসের সড়কে যানজটও সাধারণ দিনের মতো ছিল না।
চট্টগ্রাম কাস্টম হাউসের সিঅ্যান্ডএফ এজেন্ট মাসফিয়া এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ সরওয়ার আলম বলেন, “সকালে কাস্টম হাউসে এসে কোনো কাজই করতে পারিনি। কর্মকর্তারা বলছেন, সিস্টেম আপডেট দেওয়া হয়েছে। ছুটির দিনে ওভারটাইম খরচ দিয়ে কর্মচারী আনা হয়েছে, তবুও কাজ হয়নি।”
চট্টগ্রাম কাস্টম হাউসের সিস্টেম অ্যানালিস্ট মো. হাসান উজ জামান খান জানান, “কাস্টম হাউসের কিছু কর্মকর্তার কম্পিউটারের মেমোরি ফুল হওয়ায় আপডেট দেওয়া হয়েছে। এই সমস্যা সব কম্পিউটারে হয়নি। যাদের কম্পিউটারে সমস্যা হয়নি, তারা কাজ করতে পেরেছেন। শুক্রবার সকাল থেকে প্রায় ১২০০ ফাইল এন্ট্রি হয়েছে, যেখানে স্বাভাবিক দিনে সংখ্যাটি প্রায় ৫ হাজার।

