করদাতা হিসেবে আত্মপ্রকাশের প্রথম ধাপ হলো ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (ই-টিআইএন) রেজিস্ট্রেশন। ই-টিআইএন সার্টিফিকেট পাওয়ার পর থেকেই সাধারণত প্রতি করবর্ষে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা শুরু হয়, যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। ব্যবসা বা চাকরির জন্য নয়, বিভিন্ন নাগরিক সেবা গ্রহণেও এখন টিআইএন সার্টিফিকেট আবশ্যক। সরকারি ও বেসরকারি মিলিয়ে ৫০টির বেশি সেবা কাজে টিআইএন বাধ্যতামূলক।
পেশাজীবী ও ব্যবসায়ীদের জন্য যেমন রয়েছে ট্রেড লাইসেন্স গ্রহণ, ঋণপত্র স্থাপন, রপ্তানি নিবন্ধন, দরপত্র জমা ও ক্লাবের সদস্যপদ গ্রহণের মতো কাজ—সেসবের জন্য টিআইএন আবশ্যক। এছাড়া জমি, ফ্ল্যাট বা ভবনের মালিকানা হস্তান্তর ও নিবন্ধন, যানবাহনের মালিকানা বদল, ফিটনেস নবায়ন, বিমা জরিপ, ড্রাগ লাইসেন্স, বিবাহ নিবন্ধনকারীর কাজেও টিআইএন লাগে।
পেশাজীবী সংগঠন যেমন চিকিৎসক, প্রকৌশলী বা হিসাববিদদের সদস্য হতে হলেও এই সনদ প্রয়োজন। কোম্পানির পরিচালক, স্পন্সর শেয়ারহোল্ডার বা সিকিউরিটি সার্ভিস, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্টসহ বিভিন্ন সেবা খাতের উদ্যোক্তাদেরও এই সার্টিফিকেট বাধ্যতামূলক। বিদ্যুৎ সংযোগ, মোবাইল রিচার্জ ব্যবসা, মোবাইল ব্যাংকিং, পরিবেশক এজেন্সি, আমদানি-রপ্তানির বিল অব এন্ট্রি জমা দেওয়ার কাজেও টিআইএন দরকার।
এমনকি জাতীয় সংসদ, সিটি করপোরেশন, উপজেলা বা পৌরসভা নির্বাচনে প্রার্থী হতে চাইলে, বাণিজ্যিক ভবনের নকশা অনুমোদন, বাণিজ্য সংগঠনের সদস্যপদ, পাঁচ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ, সঞ্চয়পত্র কেনা, ক্রেডিট কার্ড ব্যবহার ও ইংরেজি মাধ্যমে সন্তানকে পড়াতে গেলেও অভিভাবকের টিআইএন লাগবে।
সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যেসব কর্মকর্তা বা এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতন ১৬ হাজার টাকার বেশি, তাদের টিআইএন বাধ্যতামূলক। বেসরকারি প্রতিষ্ঠানের করযোগ্য আয়ের কর্মীরাও টিআইএন নিতে বাধ্য এবং তাদের রিটার্ন দাখিলও করতে হয়। এছাড়া সমবায় সমিতির রেজিস্ট্রেশন, রাইড শেয়ারিং (উবার, পাঠাও)–এ অংশগ্রহণ, ফেসবুক-ইউটিউব থেকে আয় কিংবা ফ্রিল্যান্সিং করতে চাইলে ই-টিআইএন দরকার।
বর্তমানে ঘরে বসেই অনলাইনে সহজে ই-টিআইএন সংগ্রহ করা যায়। এর জন্য কর অফিসে যাওয়ার দরকার নেই, যা লাগবে:
- জাতীয় পরিচয়পত্র (বিদেশে থাকলে এনআইডি ও পাসপোর্ট)
- মোবাইল নম্বর (বায়োমেট্রিক সম্পন্ন)
- আবাসিক ঠিকানা, জেলা, বিভাগ
আবেদন প্রক্রিয়া:প্রথম ধাপ: জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে (https://secure.incometax.gov.bd/TINHome) গিয়ে ‘Register’ অপশনে ক্লিক করুন। User ID ও Password তৈরি করতে হবে, যা ভবিষ্যতে লগইন বা পুনরুদ্ধারে কাজে আসবে।দ্বিতীয় ধাপ: ইংরেজিতে একটি ইউজারনেম ও নিজের মনে রাখা যায় এমন পাসওয়ার্ড দিন। এরপর একটি সিকিউরিটি প্রশ্ন বেছে নিতে হবে—যেমন জন্মস্থান, প্রিয় রং ইত্যাদি। ভুলে গেলে আইডি-পাসওয়ার্ড পুনরুদ্ধারে এটি কাজে লাগবে।
তৃতীয় ধাপ: রেজিস্ট্রেশন শেষে আবার ওয়েবসাইটে গিয়ে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর করদাতার ধরন, পেশা, আয় ও ঠিকানা সংক্রান্ত তথ্য দিতে হবে।
চতুর্থ ধাপ:
এবার আবেদনকারীর ব্যক্তিগত সব তথ্য দিতে হবে। যেমন: জাতীয় পরিচয়পত্র নম্বর, পিতা-মাতার নাম, মোবাইল নম্বর, স্থায়ী ও বর্তমান ঠিকানা। এসব তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট অপশনে ক্লিক করলেই আপনি ই-টিআইএন সার্টিফিকেট সংগ্রহ বা প্রিন্ট করতে পারবেন। চাইলে সার্ভারে সংরক্ষিত রাখতেও পারবেন।

