দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চলতি অর্থবছরে কার্যক্রমের সব সূচকেই রেকর্ড সাফল্য পেয়েছে। ২০২৪–২৫ অর্থবছরে জাহাজ আগমন, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং, রাজস্ব আয় এবং নিট মুনাফা—সব ক্ষেত্রেই নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বন্দরটি। কর্তৃপক্ষের মতে, ব্যবসায়ীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি ব্যবস্থাপনায় উন্নতি আসায় এই অগ্রগতি সম্ভব হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, গত অর্থবছরে ৮০০টি জাহাজ আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বন্দরটিতে ভিড়েছে ৮৩০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ। কার্গো হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৮ দশমিক ৮০ লাখ টন। বাস্তবে ১০৪ দশমিক ১২ লাখ টন কার্গো হ্যান্ডলিং হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ দশমিক ৩২ লাখ টন বা ১৭ দশমিক ২৫ শতাংশ বেশি। কনটেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্য ছিল ২০ হাজার টিইইউজ। সেখানে ২১ হাজার ৪৫৬ টিইইউজ হ্যান্ডলিংয়ের মাধ্যমে ৭ দশমিক ২৮ শতাংশ বেশি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রাজস্ব আয়ের লক্ষ্য ছিল ৩৩৩ কোটি ৮৭ লাখ টাকা। অর্জিত হয়েছে ৩৪৩ কোটি ৩৩ লাখ টাকা, যা পূর্বাভাসের চেয়ে ৯ কোটি ৪৬ লাখ টাকা বেশি। নিট মুনাফা দাঁড়িয়েছে ৬২ কোটি ১০ লাখ টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল মাত্র ২০ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। অর্থাৎ নিট মুনাফা হয়েছে ২০৩ শতাংশ বেশি।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, সঠিক ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারকে প্রয়োজনীয় সুবিধা দেওয়ার কারণেই এই সফলতা এসেছে। তিনি জানান, অভ্যন্তরীণ ব্যবসা উন্নয়ন কমিটি গঠনের ফলে জাহাজ আগমনের হারও বেড়েছে। তিনি আরও বলেন, এখন মোংলা বন্দরে জাহাজ জট নেই, দ্রুত কনটেইনার খালাস হচ্ছে। গাড়ি আমদানিকারকদের জন্য রয়েছে বিশেষ সুবিধা। কনটেইনার রাখার জন্য রয়েছে সাতটি আধুনিক ইয়ার্ড। এ ছাড়া বন্দরে রয়েছে ৩৮টি সহায়ক জলযান, যার মধ্যে টাগবোট, পাইলট বোট, সার্ভে বোট, ড্রেজারসহ বিভিন্ন প্রয়োজনীয় বোট রয়েছে।
বন্দরের নিরাপত্তা ব্যবস্থাও যথাযথ রয়েছে। আন্তর্জাতিক মানের আইএসপিএস কোড অনুসরণ করা হচ্ছে এবং বিদেশি জাহাজ আগমন ও নির্গমনের সময় কোস্টগার্ডের নিয়মিত টহল রয়েছে। পাশাপাশি সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন প্রান্তে সহজে এবং কম খরচে পণ্য পরিবহনের সুবিধাও রয়েছে। রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান জানান, দীর্ঘ ১৪৪ কিলোমিটার বন্দর চ্যানেলে লাইটেড বয়া ও লাইট টাওয়ার স্থাপন করায় রাতেও নির্বিঘ্নে জাহাজ চলাচল সম্ভব হচ্ছে। বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য রয়েছে ৪৯টি বার্দিং পয়েন্ট।
বন্দরের উপপরিচালক মো. মাকরুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকার বন্দরের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত পরিদর্শন করছেন। এর ফলে কর্মচাঞ্চল্য যেমন বেড়েছে, তেমনি লক্ষ্যমাত্রা অর্জনেও বড় ভূমিকা রেখেছে।
বর্তমানে মোংলা বন্দরের প্রধান আমদানি পণ্যগুলোর মধ্যে রয়েছে—খাদ্যশস্য, সার, গাড়ি, এলপি গ্যাস, স্লাগ, লাইম স্টোন, সয়াবিন ও ভোজ্যতেল, জ্বালানি তেল, ফ্রেশ ফুড, কাঠ, কয়লা, পাথর, ক্লিংকার, পাম অয়েল, ফ্লুড অয়েল, ফ্লাই অ্যাশ, আয়রন, স্টিল পাইপ ও চিটাগুড়। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে—গার্মেন্টস, পাট ও পাটজাত পণ্য, চিংড়ি, সাদা মাছ, শুকনা মাছ, ক্লে, কাঁকড়া, মেশিনারি, কটনইয়ার্ন, হিমায়িত খাদ্য ও অন্যান্য সাধারণ পণ্য।

