মেহেরপুরে টানা বৃষ্টিতে কাঁচা মরিচের খেত পানিতে ডুবে গেছে। এতে গাছ নষ্ট হয়ে যাওয়ায় মাত্র চার দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। উৎপাদন এলাকাতেই এখন প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
আজ (শনিবার) সকালে মেহেরপুর শহরের কাঁচাবাজার, হোটেল বাজার, গাংনী পৌর শহরের তহবাজার ও মুজিবনগরের কেদারগঞ্জ বাজার ঘুরে এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। গত তিন দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে সবজির দামে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় বাজারে তীব্র সংকট দেখা দিয়েছে।
গাংনী উপজেলার তহবাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, “আজ সকালে পাইকারি বাজারে কাঁচা মরিচ কিনেছি ২৮০ টাকায়। খুচরা বাজারে বিক্রি করছি ৩০০ টাকায়। অতিরিক্ত বৃষ্টিতে গাছ মরে যাচ্ছে। আবার অনেক খেত প্যাপলব্লাস রোগে আক্রান্ত হয়ে পাতা কুঁকড়ে যাচ্ছে। ফলে ফলন একেবারে কমে গেছে।”
মেহেরপুরে এক সপ্তাহ আগেও কাঁচা মরিচ ছিল ৫০ টাকা কেজি, এখন বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
পাইকারি ব্যবসায়ী আকবর আলী বলেন, মাঠে এখন মরিচগাছের বেশির ভাগই শুকিয়ে গেছে। যেসব জায়গায় কিছু খেত টিকে আছে, সেগুলোর মরিচই বাজারে আসছে। তাই দাম লাগামহীনভাবে বেড়েছে। অন্যদিকে কৃষকেরা বলছেন, টানা বৃষ্টির কারণে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, ফুল ঝরে পড়ছে। জমিতে পানি জমে থাকায় অনেক গাছ মরে যাচ্ছে। এতে ফলন কমে গেছে। দাম বেশি হলেও তারা লাভের মুখ দেখছেন না।
গাংনী উপজেলার মাইলমারি গ্রামের কৃষক মকবুল হোসেন, জলিল মিয়া ও মানিক মিয়া জানান, এ মৌসুমে অধিকাংশ কৃষক ৩ থেকে ৪ বিঘা জমিতে মরিচ চাষ করেছেন। কিন্তু টানা বৃষ্টিতে গাছের পাতা কুঁকড়ে গিয়ে ফুল ঝরে পড়ছে। এতে ফলন মারাত্মকভাবে কমে গেছে।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামসুল আলম জানান, কাঁচা মরিচ সাধারণত উঁচু জমিতে চাষের উপযোগী। কিন্তু বৃষ্টিতে জমিতে পানি জমে থাকলে গাছ মারা যাওয়ার ঝুঁকি থাকে। তাই কৃষকদের ছত্রাকনাশক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।