Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মেগা প্রকল্পে ক্ষুদ্র অব্যবস্থাপনার বিরূপ ছায়া
    অর্থনীতি

    মেগা প্রকল্পে ক্ষুদ্র অব্যবস্থাপনার বিরূপ ছায়া

    মনিরুজ্জামানজুলাই 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দারিদ্র্য নয়, বৈষম্যই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ আজ এক বিপুল পরিবর্তনের পথে। একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অবকাঠামো, যোগাযোগ এবং জ্বালানিখাতে এক বৈপ্লবিক অগ্রগতি ঘটছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো প্রকল্পগুলো শুধুই উন্নয়নের প্রতীক নয়, বরং জাতীয় সক্ষমতা, আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার ঘোষণাও বটে।

    তবে এই চমকপ্রদ অগ্রগতির ভিতরেই লুকিয়ে আছে কিছু ‘নিরব ব্যর্থতা’। মেগা প্রকল্পের কাঠামোর ভেতরে যেসব ছোট ছোট সমস্যা বা অপারগতা গুলো প্রায়ই অবহেলিত থাকে, তাই-ই গড়ে তুলছে “মাইক্রো অব্যবস্থাপনার”র বাস্তবতা। যেমন: একটি আধুনিক স্টেশনে লিফট বা এসকেলেটর সচল না থাকা, যাত্রীসেবায় ঘাটতি, রক্ষণাবেক্ষণের অভাব, কিংবা সংযোগ সড়কের কাজ অসম্পূর্ণ থাকা, এসবই সামগ্রিক ব্যবস্থাকে জটিল ও ভোগান্তিপূর্ণ করে তোলে। একটি প্রকল্প বড় ও ব্যয়বহুল হলেই তা কার্যকর হয় না, প্রকৃত কার্যকারিতা নির্ভর করে তার প্রতিটি ছোট অংশের সফলতার ওপর।

    বাংলাদেশের মেগা প্রকল্পগুলো যেমন: পদ্মা সেতু, এমআরটি-৬, কর্ণফুলী টানেল বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আমাদের অবকাঠামোগত সক্ষমতার বড় নিদর্শন হলেও এসব প্রকল্প বাস্তবায়নে কিছু মৌলিক ও ক্ষুদ্রতর ত্রুটি প্রকল্পগুলোর সামগ্রিক কার্যকারিতাকে ক্ষুণ্ণ করছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখা যায় পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যকার অসংগতি থেকে।

    অনেক সময় পূর্ণাঙ্গ ফিজিবিলিটি স্টাডি বা সাইট-ভিত্তিক বিশ্লেষণ ছাড়াই প্রকল্প অনুমোদিত হয়, যার ফলে পরে পরিকল্পনায় একাধিকবার পরিবর্তন আনতে হয়। এতে সময় বাড়ে, খরচও অস্বাভাবিকভাবে বেড়ে যায়। উদাহরণ স্বরূপ- মেট্রোরেলের স্টেশনগুলোতে দেখা গেছে, পর্যাপ্ত প্রশস্ততা বা এসকেলেটর-লিফটের স্থান নির্ধারণে ঘাটতির কারণে যাত্রীদের চলাচলে অসুবিধা হচ্ছে, যা একটি প্রকৌশলগত ও ব্যবস্থাপনাগত ত্রুটির ইঙ্গিত দেয়।

    এছাড়া সময় ও ব্যয়ের সুনির্ধারিত সীমা না থাকার কারণে অনেক প্রকল্পেই বারবার সময় বাড়ানো এবং বাজেট সংশোধনের প্রয়োজন পড়ে। এমআরটি-৬, পদ্মা রেল সংযোগ বা কর্ণফুলী টানেলের মতো প্রকল্পগুলোতে এই ধরনের বিলম্ব স্পষ্ট। এগুলোর পিছনে রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ, লোকাল দক্ষতা ব্যবস্থাপনার দুর্বলতা এবং আমলাতান্ত্রিক জটিলতা। কিছু গবেষণায় দেখা গেছে, প্রকল্প ব্যয়ের ৮০ শতাংশ বাড়ার মধ্যে অন্তত ১৪ শতাংশ ব্যয় হয় শুধুই স্থানীয় প্রস্তুতি ও সামঞ্জস্যহীনতা কাটিয়ে উঠতে।

    মেগা প্রকল্পগুলোর কাঙ্ক্ষিত সুফল তখনই অর্জিত হয়, যখন তা স্থানীয় অবকাঠামো ও জাতীয় যোগাযোগ নেটওয়ার্কের সঙ্গে সুসংগত থাকে। বাস্তবে দেখা যাচ্ছে, কর্ণফুলী টানেল কিংবা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মতো প্রকল্পগুলো নির্দিষ্ট অঞ্চলের সঙ্গে সড়ক, রেল ও নদীপথের পূর্ণাঙ্গ সংযোগ নিশ্চিত করতে পারেনি। ফলে এসব প্রকল্প থেকে অর্থনৈতিক সম্ভাবনার পূর্ণ বাস্তবায়ন হয়নি—বিশেষ করে শিল্পপণ্য পরিবহন কিংবা সরবরাহ চেইনের উন্নয়নে যে ভূমিকা প্রত্যাশিত ছিল, তা অনুপস্থিত রয়ে গেছে।

    তাছাড়া এসব প্রকল্পে ব্যবহৃত উন্নত প্রযুক্তির সাথে তাল মেলাতে যে পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল প্রয়োজন, তা অনেক ক্ষেত্রেই নিশ্চিত হয়নি। যেমন: এমআরটি-৬ পরিচালনায় প্রযুক্তিনির্ভরতা থাকা সত্ত্বেও লিফট পরিচালনা বা স্টেশনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট দক্ষতা সম্পন্ন কর্মী নেই। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ও জাপানিজ উন্নয়ন সংস্থা জাইকার (JICA -Japan International Cooperation Agency) বারবার সতর্কতা সত্ত্বেও দক্ষতা উন্নয়নে প্রকৃত উদ্যোগের ঘাটতি রয়েছে।

    সবচেয়ে দুঃখজনক হলো, প্রকল্প বাস্তবায়নের পরপরই রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় বাজেট ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা হয় না। সময়ের সঙ্গে সঙ্গে অবকাঠামোর অবনতি শুরু হয়, অথচ কোনো নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ ব্যবস্থা বা জবাবদিহিমূলক তদারকি কাঠামো কার্যকর হয় না। অডিট বা স্বচ্ছতা নিরীক্ষা ব্যবস্থা দুর্বল থাকায় দুর্নীতি কিংবা অনিয়ম শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। সব মিলিয়ে দেখা যায়, মেগা প্রকল্পের বাহ্যিক দৃশ্য যতই উন্নত হোক না কেন, এর ভেতরে জমে থাকা মাইক্রো অব্যবস্থাপনা গুলো যদি যথাসময়ে সমাধান না করা হয়, তবে সেই মেগা সাফল্যও ভবিষ্যতে টেকসই হয়ে উঠবে না।

    মাইক্রো অব্যবস্থাপনার প্রকৃতি নিম্নে আলোচিত হলো: সময় ও বাজেট বৃদ্ধি: দেশের সাতটি বড় মেগা প্রকল্পের জন্য প্রথমে ১ লাখ, ১৪ হাজার, ৫৪৭ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়েছিল। কিন্তু বাস্তবে কাজ শুরু হলে খরচ দ্রুত বেড়ে গিয়ে প্রায় ১ লাখ, ৯৫ হাজার, ১১৬ কোটি টাকায় দাঁড়ায় অর্থাৎ প্রায় ৭০% খরচ বৃদ্ধি পায় । উদাহরণ হিসেবে, রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য শুরুতে ১ লাখ, ১৩ হাজার, ৯৩ কোটি টাকা নির্ধারণ করলেও, পরে প্রয়োজন ও মুদ্রাস্ফীতি বিবেচনায় এটি ১ লাখ, ৬৬ হাজার, ২১৪ কোটি টাকায় পৌঁছে ।

    প্রকল্প বাস্তবায়নে এই অতিরিক্ত অর্থ কোথায় গেছে, ব্যয়ের স্বচ্ছতা ও দায়বদ্ধতার ঘাটতি, জনমনে এই প্রশ্ন উত্থাপন করেছে। বাংলাদেশে চলমান আটটি বড় মেগা প্রকল্পে প্রাথমিক বাজেটের তুলনায় ব্যয় বেড়েছে প্রায় ৬৮ শতাংশ বা ৭ দশমিক ৫২ বিলিয়ন ডলার (৭৫২ কোটি ডলার)। অর্থাৎ যেখানে প্রকল্পগুলোর শুরুতে ব্যয় নির্ধারণ করা হয়েছিল ১১ দশমিক ২ বিলিয়ন ডলার, তা এখন গিয়ে দাঁড়িয়েছে প্রায় ১৮ দশমিক ৬৪ বিলিয়ন ডলারে।

    সম্প্রতি বর্তমান অন্তর্বর্তী সরকারের টাস্কফোর্সের প্রতিবেদনে এই ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে পরিকল্পনায় ঘাটতি, সম্ভাব্যতা যাচাইয়ে ভুল, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা এবং দুর্নীতিকে চিহ্নিত করা হয়েছে। ব্যয়বৃদ্ধি পাওয়া এই আটটি প্রকল্পের মধ্যে রয়েছে পদ্মা সেতু, পদ্মা সেতু রেল সংযোগ, যমুনা রেল সেতু এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে প্রকল্পসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

    • দুর্নীতি ও স্বচ্ছতার অভাব: পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের তহবিল সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তহবিল বাতিল হয়েছিল, যদিও কিছুদিন পরে অভিযোগ প্রত্যাহার করা হয়। তবে জনগণ এখনো স্বচ্ছতা নিয়ে সন্দিহান—“সামান্য পদক্ষেপও নিরাপদ নয়; ‘সেফটি ফাস্ট’ স্লোগান শুধু বাক্য”–এমন কথাও উঠে এসেছে ।
    • পরিকল্পনা ও বাস্তবতার খাপ খাওয়ানো: ঢাকা সাবওয়ে নির্মাণের সময় প্রকল্প এবং বাস্তব পরিস্থিতির মধ্যে সমন্বয়ের অভাব দেখা গেছে। যেমন: ফ্লাডিং, অর্থায়নের অনিশ্চয়তা ও RSTP পরিকল্পনার ব্যত্যয় সেইসব উল্লেখযোগ্য সমস্যা ।
    • রক্ষণাবেক্ষণ ও জনবল ঘাটতি: প্রকল্প চালুর সময় যথেষ্ট প্রশিক্ষিত অপারেটর, টেকনিক্যাল স্টাফ ও রক্ষণাবেক্ষণ কর্মীর অভাব প্রকল্পকে ঝুঁকির দিকে ঠেলে দিয়েছে। অভিজ্ঞ ও জ্যেষ্ঠ বিশ্লেষকদের মতে — “নিয়মিত কঠোর নির্দেশনা ও দক্ষ জনবল ছাড়া প্রকল্প টেকসই রাখা যায় না”।
    • পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর প্রভাবকে উপেক্ষা: মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের সময় আশেপাশের ড্রেনেজ ব্যবস্থার ভুল, জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অভাব এবং পানি-জলাবদ্ধতার সমস্যা গুরুতরভাবে উপেক্ষিত হয়েছে ।

    মেগা প্রকল্পে মাইক্রো‑অকার্যকারিতার মূল কারণ: বাংলাদেশের মেগা প্রকল্পসমূহ জাতীয় অর্থনীতির মেরুদণ্ড গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন: পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এসবের সঙ্গে দেশের আর্থসামাজিক অগ্রগতির প্রত্যাশা জড়িত। কিন্তু বাস্তবতা হলো অনেক প্রকল্পই সময়মতো শেষ হয় না, ফলে ব্যয় অপ্রত্যাশিতভাবে বেড়ে যায়, গুণগত মানে প্রশ্ন উঠে এবং কাঙ্ক্ষিত সুফল পেতে দেশবাসীর অপেক্ষা দীর্ঘতর হয়। এসব সমস্যার মূলে রয়েছে তথাকথিত “মাইক্রো‑অব্যবস্থাপনা”—যা প্রকল্প ব্যবস্থাপনার ভেতরকার ক্ষুদ্র অথচ গভীর সমস্যা। এই ধরনের অকার্যকারিতার মূল উৎসগুলো বিশ্লেষণ করলে কিছু নির্দিষ্ট ও পুনরাবৃত্ত কারণ চিহ্নিত করা যায়।

    • দুর্বল প্রকল্প ব্যবস্থাপনা: মেগা প্রকল্প পরিচালনার জন্য বিশেষ ধরনের অভিজ্ঞতা, দক্ষতা ও নিরবচ্ছিন্ন সমন্বয় প্রয়োজন। কিন্তু বাস্তবে দেখা যায়, এমন গুরুত্বপূর্ণ প্রকল্পে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের অনেকে পর্যাপ্ত প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছাড়াই নিযুক্ত হন। অনেক সময় প্রকল্প পরিকল্পনা থাকে খণ্ডিত এবং সমন্বয়ের অভাবে একাধিক সংস্থা একসঙ্গে কাজ করতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে। ফলে সময় ও অর্থ উভয়ের অপচয় হয়।
    • অপর্যাপ্ত ও ত্রুটিপূর্ণ পরিকল্পনা: প্রকল্প শুরু হওয়ার আগে যথাযথ পরিবেশগত, ভূগর্ভস্থ ও সামাজিক প্রভাব বিশ্লেষণ না করেই অনেক সময় সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া প্রকল্পের সম্ভাব্য ব্যয়, সময় এবং ভবিষ্যৎ রাজস্ব আয়ের পূর্বাভাসেও ভুল থেকে যায়। অনেক সময় বিদ্যমান প্রযুক্তিগত অবকাঠামো বিবেচনা না করেই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা করা হয়, যা বাস্তবায়নে গিয়ে মারাত্মক জটিলতা সৃষ্টি করে।
    • সময় ও ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি: মেগা প্রকল্পগুলো সাধারণত সময়মতো শেষ হয় না। প্রতিটি বিলম্ব কেবল সময়ই নয়, অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির কারণ হয়। সরকারের হিসাব অনুযায়ী, কয়েকটি বড় প্রকল্পে বিলম্বের কারণে অতিরিক্ত হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। প্রকল্প বাস্তবায়নের গড় সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৌশলী, উপকরণ ও বিদেশি ঋণের খরচও বাড়ে, যা জনগণের কাঁধে দেনার বোঝা হিসেবে ফিরে আসে।
    • দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ: মেগা প্রকল্পগুলোর একটি বড় দুর্বলতা হলো দুর্নীতির প্রকোপ। অপর্যাপ্ত নজরদারি, দরপত্রে স্বচ্ছতার অভাব এবং রাজনৈতিক বিবেচনায় নিয়োগ বা বরাদ্দ দেওয়ার কারণে প্রকল্পের গুণগত মানে প্রশ্ন উঠে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনভিজ্ঞ বা অযোগ্য ঠিকাদারকে দায়িত্ব দিলে প্রকল্পটি কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হয় না। এছাড়া রাজনৈতিক চাপের মুখে প্রকল্পের সময়সূচি বা নকশা বদলানো হলে তা আরও ব্যয়বহুল হয়ে ওঠে।
    • গুণগত মানের ঘাটতি: অনেক সময় নিম্নমানের উপকরণ ব্যবহার, পর্যাপ্ত তদারকি না থাকা বা দক্ষ জনবলের অভাবে নির্মাণকাজে ত্রুটি থেকে যায়। স্থায়িত্ব ও নিরাপত্তার বিষয়গুলো উপেক্ষিত হয়, যার ফলে ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যায় এবং প্রকল্পটি টেকসই হয় না।
    • প্রযুক্তিগত সীমাবদ্ধতা: উন্নত প্রযুক্তি ব্যবহারে দেশের কারিগরি জনবল অনেক সময় পিছিয়ে থাকে। আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ না থাকলে কিংবা মানসম্পন্ন যন্ত্রপাতি না থাকলে কার্যকারিতা ব্যাহত হয়। নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে না পারার ফলে পরিকল্পনার সঙ্গে বাস্তবায়নের বিস্তর ফারাক তৈরি হয়।

    অন্যান্য প্রাসঙ্গিক চ্যালেঞ্জ: উপরোক্ত সমস্যাগুলোর পাশাপাশি প্রকৃতি ও সমাজের নানা প্রতিকূলতাও প্রকল্পের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। ভূমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা, ক্ষতিপূরণ নিয়ে অসন্তোষ, স্থানীয় জনগণের বিরোধিতা কিংবা প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতিও প্রকল্পের গতি মন্থর করে। অথচ এসব বিষয় প্রকল্প পরিকল্পনার সময়ই বিবেচনায় নেওয়া উচিত ছিল। মেগা প্রকল্পের ব্যর্থতার মূল কারণগুলো হয়তো অনেকের চোখে ছোট বা ‘মাইক্রো’ বলে মনে হতে পারে, কিন্তু এগুলোর সম্মিলিত প্রভাব পুরো প্রকল্পকেই ব্যর্থ করে দিতে পারে। তাই এগুলোকে উপেক্ষা না করে শুরুর দিকেই সঠিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা, স্বচ্ছতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং গণসম্পৃক্ততার মাধ্যমে প্রতিটি সমস্যা নিরসনে অগ্রাধিকার দেওয়া জরুরি।

    একটি মেগা প্রকল্পের বিভিন্ন অংশে এই মাইক্রো অব্যবস্থাপনা দেখা দিতে পারে। একটি মেগা প্রকল্প বাস্তবায়ন মানে কেবল বড় অঙ্কের অর্থ বরাদ্দ বা দৃশ্যমান অবকাঠামো নির্মাণ নয়, এর প্রতিটি স্তরেই থাকতে হয় পরিকল্পনা, দক্ষতা, সময়ানুবর্তিতা এবং কার্যকর সমন্বয়ের নিখুঁত বাস্তবায়ন। তবে বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, এসব প্রকল্পে প্রায়শই এমন কিছু ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দেয়, যেগুলো একত্রে প্রকল্পের সার্বিক কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে।

    • প্রথমতঃ প্রকল্পের প্রাথমিক ধাপ অর্থাৎ পরিকল্পনা ও নকশা পর্যায়েই অনেক সময় দুর্বলতা দেখা দেয়। যথাযথ প্রাক-সমীক্ষা বা সময়োপযোগী ডিজাইন না থাকায় নির্মাণের মাঝপথে পরিবর্তনের প্রয়োজন পড়ে, ফলে খরচ ও সময় দু’টোই বাড়ে। উদাহরণ স্বরূপ- ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা মেট্রোরেলের কিছু স্টেশনে দেখা গেছে, যাত্রী চলাচলের প্রয়োজনে পরবর্তীতে ডিজাইন সংশোধন করতে হয়েছে।
    • দ্বিতীয়ত: অর্থায়নের ধারাবাহিকতায় জটিলতা প্রকল্পের গতি শ্লথ করে দেয়। বরাদ্দকৃত অর্থ সময়মতো ছাড় না হলে কিংবা কাজের অগ্রগতির সঙ্গে মিলিয়ে আর্থিক পরিকল্পনা না থাকলে তা নির্মাণে অনিয়ম এবং ব্যয়বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। এর পাশাপাশি প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব একটি বড় সমস্যা। ঠিকাদারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, পরিকল্পনাবিদ ও প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে নিয়মিত সমন্বয় না থাকলে ভুল সিদ্ধান্ত, দ্বৈত কাজ, এমনকি পরস্পরবিরোধী কার্যক্রমও দেখা দেয়।

    আরেকটি বড় চ্যালেঞ্জ হলো নির্মাণ উপকরণ ও কাজের গুণগত মান। বাজেট বাঁচানোর উদ্দেশ্যে যদি নিম্নমানের উপকরণ ব্যবহৃত হয়, তাহলে পরবর্তীতে দ্রুত ক্ষয় বা ভেঙে পড়ার মতো ঘটনা ঘটে। যা শুধু আর্থিক ক্ষতিই নয়, জননিরাপত্তার ঝুঁকিও বাড়ায়। প্রযুক্তিগত দিক থেকেও কিছু প্রকল্পে দেখা গেছে, আধুনিক যন্ত্রপাতি বা স্বয়ংক্রিয় প্রযুক্তি থাকলেও তা পরিচালনার মতো প্রশিক্ষিত জনবল বা কারিগরি জ্ঞান নেই। এতে যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে থাকে কিংবা অপব্যবহার হয়, যা প্রকল্প ব্যবহারে দুর্ভোগ সৃষ্টি করে।

    জনবল ব্যবস্থাপনাতেও রয়েছে ঘাটতি। অনেক সময় পর্যাপ্ত দক্ষ কর্মী পাওয়া যায় না, আবার অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়াই লোক নিয়োগ দেওয়া হয়। এতে কাজের গুণগত মান কমে যায় এবং সময়মতো কাজ শেষ করাও কঠিন হয়ে পড়ে। পরিশেষে পরিবেশগত দিকটি যেকোনো বড় প্রকল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময়ই স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য বা জনগণের জীবনযাত্রার ওপর প্রকল্পের সম্ভাব্য প্রভাব যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয় না। এর ফলে প্রকল্প শেষ হওয়ার পর দেখা দেয় পানিবন্দিত্ব, বায়ু দূষণ বা জীববৈচিত্র্য ধ্বংসের মতো দীর্ঘমেয়াদি সমস্যা।

    এইসব ছোট ছোট সমস্যাগুলো একত্রে মেগা প্রকল্পগুলোর কার্যকারিতা হ্রাস করে এবং প্রকল্প যেসব লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল, তা অর্জনে বড় বাঁধা হয়ে দাঁড়ায়। তাই প্রকল্প যত বড়ই হোক না কেন, তার প্রতিটি ক্ষুদ্র উপাদান যেন সঠিকভাবে কাজ করে, তা নিশ্চিত করাই প্রকৃত সফলতার মূল চাবিকাঠি।

    মাইক্রো অব্যবস্থাপনা রোধে সময়োপযোগী পথনির্দেশনা: বাংলাদেশে মেগা প্রকল্পগুলোর ব্যর্থতার অনেকটাই লুকিয়ে থাকে দৃশ্যমান বড় সংকটের আড়ালে থাকা ক্ষুদ্র ত্রুটিগুলোর ভেতর। পরিকল্পনার দুর্বলতা, বাজেট ব্যবস্থাপনার ঘাটতি, প্রশিক্ষণের অভাব, স্থানীয় বাস্তবতা উপেক্ষা এবং নির্মাণ-পরবর্তী রক্ষণাবেক্ষণে অবহেলা—এসবই মাইক্রো‑ অব্যবস্থাপনার শিকড়। কিন্তু এই ছোট ছোট ভুলগুলো যদি সময়মতো ধরা না পড়ে এবং ঠিক করা না হয়, তাহলে পুরো প্রকল্পের সফলতাই ঝুঁকিতে পড়ে যায়।

    • প্রথমতঃ প্রতিটি মেগা প্রকল্প শুরু হওয়ার আগেই চাই পূর্ণাঙ্গ ও সমন্বিত ফিজিবিলিটি স্টাডি, যাতে প্রযুক্তিগত, পরিবেশগত ও সামাজিক বিষয়গুলো যুক্ত থাকে। যেমন: কক্সবাজার রেল প্রকল্পে ব্যয় বেড়েছে প্রায় দশগুণ। এই ব্যয় বেড়েছে মূলতঃ পরিকল্পনার প্রাথমিক ত্রুটির কারণেই। তাই আগেভাগেই ভুল ধরতে না পারলে ক্ষতির মাত্রা অনেক বিস্তৃত হয়।
    • দ্বিতীয়ত: বিদেশি পরামর্শক বা ঠিকাদারদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘমেয়াদি সমস্যার জন্ম দেয়। স্থায়ী সাফল্য নিশ্চিত করতে হলে দেশীয় প্রকৌশলী, প্রকল্প ব্যবস্থাপক এবং কারিগরি জনবলকে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং কর্মক্ষেত্রে জবাবদিহিতা, এই তিনটি বিষয়েই সমান্তরাল অগ্রগতি প্রয়োজন।
    • তৃতীয়ত: নির্মাণ শেষ মানেই কাজ শেষ নয়। প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি এর রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘমেয়াদি বাজেট এবং কাঠামো নির্ধারণ জরুরি। অনেক ক্ষেত্রেই DPP (Development Project Proposal)-তে রক্ষণাবেক্ষণের বিষয়টি গুরুত্ব পায় না, যার ফলে নির্মাণের কয়েক বছর পরই শুরু হয় অবনতি, নতুন করে বিপুল খরচের প্রস্তাব দিতে হয়।

    অনেকে মেগা প্রকল্পে বিদেশি বিশেষজ্ঞের ওপর নির্ভর করেন, কিন্তু প্রকল্পের স্থায়ী সাফল্য নির্ভর করে স্থানীয় কর্মীর দক্ষতা ও প্রশিক্ষনের উপর। বিশেষজ্ঞরা পরামর্শ দেন প্রজেক্ট ম্যানেজারদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে তাদের সক্ষম করে তুলতে হবে , তাতে শুধু পরিচালনা নয়, জবাবদিহিতাও নিশ্চিত হয়।

    এছাড়া প্রকল্পে সফলতা নিশ্চিত করতে হলে কয়েকটি নীতিগত দিক আরও কার্যকর করতে হবে। যেমন: প্রযুক্তি নির্ভর মনিটরিং ব্যবস্থার মাধ্যমে প্রকল্পের অগ্রগতি ও সম্ভাব্য জটিলতা পর্যবেক্ষণ করা। স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে প্রকল্পের সামাজিক গ্রহণযোগ্যতা ও বাস্তব চাহিদার প্রতি শ্রদ্ধাশীল থাকা। স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক টেন্ডার প্রক্রিয়া চালু রেখে প্রকল্প কাজের মান নিয়ন্ত্রণ এবং অযোগ্য প্রতিষ্ঠানের অংশগ্রহণ রোধ করা। দুর্নীতিবিরোধী কঠোর ব্যবস্থা নিয়ে প্রতিটি পদক্ষেপে সুশাসন প্রতিষ্ঠা করা। একটি মেগা প্রকল্প কেবল বড় বাজেট নয়, এটি একটি জাতির সম্ভাবনার বহিঃপ্রকাশ। তাই বড় ব্যয়ের পাশাপাশি ছোট ছোট ত্রুটি ও ব্যর্থতাগুলোকেও গুরুত্ব দিয়ে দেখার সময় এখনই। ক্ষুদ্র ত্রুটি রোধ করলেই কেবল প্রকল্পের টেকসইতা, জনকল্যাণ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফল নিশ্চিত করা সম্ভব হবে। বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতিতে এটাই হতে পারে প্রকৃত উন্নয়নের সূচক।

    বাংলাদেশ আজ উন্নয়নের যে গতিপথে রয়েছে, সেখানে প্রতিটি মেগা প্রকল্প জাতীয় সম্পদের প্রতীক। কিন্তু এসব প্রকল্পের ক্ষুদ্র ক্ষুদ্র দুর্বলতা বা মাইক্রো‑অব্যবস্থাপনা যদি শুরুতেই চিহ্নিত ও রোধ করা না যায়, তবে তা রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং জনআস্থার বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। আমরা যদি প্রকল্প ব্যবস্থাপনাকে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে পুনর্গঠন করতে পারি, তবে মেগা প্রকল্প কেবল গৌরবের নিদর্শনই নয়, বরং তা হয়ে উঠবে প্রকৃত উন্নয়ন ও জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তনের স্থায়ী বাহক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.