বাজারে ডলারের চাহিদা না থাকায় এবং রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়ায় গত এক সপ্তাহে ডলারের দাম প্রায় ২ টাকা ৯০ পয়সা কমেছে। বৃহস্পতিবার বেশিরভাগ ব্যাংক রেমিট্যান্স ডলার কিনেছে ১২০ টাকা দরে, যেখানে সপ্তাহের শুরুতে এই দর ছিল ১২২ টাকা ৮০ পয়সা থেকে ১২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত।
তবে কিছু ব্যাংক জানিয়েছে, তারা ১২০ টাকা ৫০ পয়সা পর্যন্ত রেমিট্যান্স ডলার কিনেছে। বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলো বলছে, দিনের শুরুতে কিছুটা বেশি দর থাকলেও শেষ পর্যন্ত কোনো ব্যাংকই ১২০ টাকার বেশি রেট দেয়নি।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “ব্যাংকগুলোর কাছে এখন ডলারের চাহিদা আগের তুলনায় অনেক কম। রেট কমায় অনেকে ডলার ধরে না রেখে বিক্রি করতে চাইছে। রেমিট্যান্স ও রপ্তানি আয় ভালো থাকায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। আমদানির এলসি খোলাও কমে গেছে।”
একটি বিদেশি এক্সচেঞ্জ হাউজের কান্ট্রি হেড বলেন, “আগে ব্যাংকগুলো আমাদের কাছ থেকে ডলার চাইত। এখন উল্টো আমি নিজেই ১০ মিলিয়ন ডলার বিক্রির প্রস্তাব দিয়েছি, কিন্তু তারা মাত্র ১ মিলিয়ন ডলার নিতে চেয়েছে। এভাবে চললে ডলারের দাম আরও কমবে।” একই অভিজ্ঞতা শেয়ার করেছেন একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের ডেপুটি এমডি। তিনি জানান, “১২০ টাকা ৮০ পয়সা দরে একটি এক্সচেঞ্জ হাউজ ৫ মিলিয়ন ডলার বিক্রির প্রস্তাব দিয়েছিল। তবে আমরা কিনিনি, কারণ আমরা ভাবছিলাম আরও কম দামে পাওয়া যাবে। বেশি দামে কিনলে পরে লোকসানে বিক্রি করতে হবে।” গত বছরের ডিসেম্বরে ডলারের বাজারে অস্থিরতা দেখা দেয়। মাত্র দুই কার্যদিবসে ডলারের বিনিময় হার পৌঁছে যায় ১২৮ টাকায়। পরে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে দর কিছুটা কমে আসে। ওই সময় রেমিট্যান্স ডলার অতিমূল্যে কেনায় ১৩টি ব্যাংকের এমডিদের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তখন বলেছিলেন, “কিছু ব্যাংকের অপরিণত সিদ্ধান্তে বাজার অস্থির হয়ে পড়ে। এক্সচেঞ্জ হাউজগুলো ইচ্ছেমতো দর বাড়াচ্ছিল। এটা বরদাশত করা হবে না। ডলারের দাম ঠিক হবে দেশের ভেতরে।” পরে চলতি বছরের মে মাসে বাংলাদেশ ব্যাংক বাজারভিত্তিক বিনিময় হারে যায়। এতে অংশগ্রহণকারীরা নিজেরাই দর নির্ধারণ করে ডলার লেনদেন করছে, যা আইএমএফের শর্ত অনুযায়ী গৃহীত ব্যবস্থা। এই পরিবর্তনের পর থেকেই ডলারের দর কমতে শুরু করে। গত কয়েক বছর ডলারের চাহিদা বেশি ছিল, বিশেষ করে সরকারি আমদানির অনেক পেমেন্ট বকেয়া থাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ডলার কিনে তা পরিশোধ করেছে। একইভাবে বেসরকারি খাতেও অনেক এলসির পেমেন্ট বাকি ছিল, যা সময়মতো পরিশোধে চাপ তৈরি করত।
এক ব্যাংকের ডেপুটি এমডি বলেন, “নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর সরকারি বকেয়া বিল পরিশোধে জোর দেন। তবে রিজার্ভ ব্যবহার না করে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বাজার থেকে ডলার সংগ্রহ করতে বলা হয়। এতে করে তারা মাসে প্রায় ১ বিলিয়ন ডলারের সমপরিমাণ ডলার কিনেছে। এখন আর অতিরিক্ত চাহিদা নেই।”
একটি বেসরকারি ব্যাংকের এমডি বলেন, “বিনিয়োগ কার্যক্রম এখন প্রায় স্থবির। বিনিয়োগ না থাকলে আমদানিও কমে যায়—বিশেষ করে যন্ত্রপাতি ও কাঁচামালের। বর্তমানে আমদানির বড় অংশ ভোগ্যপণ্য, যা নির্দিষ্ট পরিমাণে স্থিত থাকে। তাই হঠাৎ করে ডলারের চাহিদা বাড়ার সম্ভাবনা কম।” তিনি আরও বলেন, “রেমিট্যান্স ও রপ্তানি আয় ভালো থাকায় ডলারের সরবরাহও ভালো। ফলে দাম আরও কমতে পারে। তবে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কিনতে শুরু করলে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে।”

