যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩০ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আলাদা দুটি চিঠির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। খবর আল জাজিরা।
সম্প্রতি ইইউ ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা ভেঙে পড়ার পরই ট্রাম্প এ পদক্ষেপ নেন। মেক্সিকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক প্রবাহে সহযোগিতার অভিযোগ এনেছেন ট্রাম্প। আর ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগ, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে ভারসাম্য রক্ষা করছে না। এর আগে চলতি সপ্তাহেই ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ ২০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। সেই সঙ্গে কপার বা তামার ওপর ৫০ শতাংশ হারে শুল্ক বসানো হয়েছে।
ট্রাম্পের এই ঘোষণা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ইইউ প্রয়োজন হলে সমান পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও ইউরোপের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মেক্সিকোর পক্ষ থেকেও এসেছে কড়া প্রতিক্রিয়া। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম বলেন, “আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো আরও ভালো শর্তে একমত হতে পারবে। এমন সময় মাথা ঠান্ডা রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় মেক্সিকো সরকার ট্রাম্পের এই সিদ্ধান্ত সম্পর্কে আগেই জানতে পারে। তারা এই পদক্ষেপকে ‘অন্যায় আচরণ’ বলেও উল্লেখ করেছে।

