পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের ওপর আরোপিত এক শতাংশ সারচার্জ বন্ধের দাবিতে হাইকোর্টে রিট দিয়েছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস)।
গত ১০ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম আজাদ হোসেন হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চে এই রিট দাখিল করেন। বাদী হিসেবে রয়েছেন সিসিএস-এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ। আইনজীবীর তথ্য অনুযায়ী, রিটের শুনানি চলতি সপ্তাহেই হতে পারে।
এর আগে ৪ জুন সিসিএস সরকার ও মোবাইল অপারেটরদের কাছে আইনি নোটিশ পাঠিয়ে সারচার্জ আদায় বন্ধের দাবি জানিয়েছিল। নোটিশে বলা হয়, ২০১৬ সালে পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোনের খরচের ওপর এক শতাংশ সারচার্জ আরোপ করা হয়। এই সারচার্জ থেকে ভোক্তাদের কাছ থেকে দুই হাজার কোটি টাকার বেশি আদায় করা হয়েছে। তবে ২০২২ সালে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরেও সারচার্জ আদায় অব্যাহত রয়েছে, যা ভোক্তাদের স্বার্থবিরোধী ও আইনবিরোধী বলে সিসিএস দাবি করেছে।
সিসিএস জানায়, ২০১৫ সালের ‘উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন’-এর ৪নং ধারায় সারচার্জ আদায়ের নির্দিষ্ট সময়সীমা থাকার কথা থাকলেও বাস্তবে কোনো মেয়াদ নির্ধারণ করা হয়নি। তাই দীর্ঘ সময় ধরে ভোক্তাদের কাছ থেকে সারচার্জ আদায় অব্যাহত আছে। তারা দাবি করেছেন, পদ্মা সেতুর নির্মাণ শেষ হলেও মোবাইল ফোনের ওপর এই সারচার্জ জারি রেখে ভোক্তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। এজন্য দ্রুত এই সারচার্জ বাতিলের নির্দেশনা দিতে হাইকোর্টে রিট করা হয়েছে।

