বৈশ্বিক অর্থনৈতিক চাপে থাকা সত্ত্বেও ২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানিতে ৮.৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ। এ খাতে রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই অঞ্চলে রপ্তানি হয়েছে ১৯.৭১ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির ৫০.১০ শতাংশ। যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮ শতাংশ)। যুক্তরাজ্যে ৪.৩৫ বিলিয়ন (১১.০৫ শতাংশ) এবং কানাডায় ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১ শতাংশ) রপ্তানি হয়েছে। এ অর্থবছরে ইইউতে রপ্তানি বেড়েছে ৯.১০ শতাংশ, যুক্তরাষ্ট্রে ১৩.৭৯ শতাংশ এবং কানাডায় ১২.০৭ শতাংশ। যুক্তরাজ্যে রপ্তানিতে ৩.৬৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
ইউরোপের মধ্যে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় একক বাজার, যেখানে রপ্তানি হয়েছে ৪.৯৫ বিলিয়ন ডলার। এরপর রয়েছে স্পেন (৩.৪০ বিলিয়ন), ফ্রান্স (২.১৬ বিলিয়ন), নেদারল্যান্ডস (২.০৯ বিলিয়ন), পোল্যান্ড (১.৭০ বিলিয়ন), ইতালি (১.৫৪ বিলিয়ন) ও ডেনমার্ক (১.০৪ বিলিয়ন ডলার)। কিছু ইউরোপীয় বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। নেদারল্যান্ডসে ২১.২১ শতাংশ, সুইডেনে ১৬.৪১ শতাংশ, পোল্যান্ডে ৯.৭৭ শতাংশ এবং জার্মানিতে ৯.৪৭ শতাংশ হারে রপ্তানি বেড়েছে। এছাড়া নন-ট্র্যাডিশনাল বাজারে রপ্তানি ৫.৬১ শতাংশ বেড়ে ৬.৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা মোট রপ্তানির ১৬.৩৬ শতাংশ। এই বাজারে জাপান, অস্ট্রেলিয়া ও ভারত অন্যতম। তুরস্কে রপ্তানি বেড়েছে ২৫.৬২ শতাংশ, ভারতে ১৭.৩৯ শতাংশ এবং জাপানে ৯.১৩ শতাংশ। তবে রাশিয়া, কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় রপ্তানি কমেছে। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিটওয়্যার রপ্তানি বেড়েছে ৯.৭৩ শতাংশ এবং ওভেন পোশাকে প্রবৃদ্ধি হয়েছে ৭.৮২ শতাংশ।
শিল্প সংশ্লিষ্টরা বলছেন, কোভিড-পরবর্তী বৈশ্বিক পরিস্থিতিতে বাজারের চাহিদা ও বাস্তবতা দ্রুত বদলাচ্ছে। এতে বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। বর্তমানে দেশের মোট পোশাক রপ্তানির ৮৪ শতাংশই ট্র্যাডিশনাল বাজারে যায়। অন্যদিকে, নন-ট্র্যাডিশনাল বাজারে অংশীদারিত্ব এখনো তুলনামূলকভাবে কম—মাত্র ১৬ শতাংশ। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বৈশ্বিক পোশাক বাজারের আকার ছিল প্রায় ৫০০ বিলিয়ন ডলার, যার মধ্যে নন-ট্র্যাডিশনাল বাজারের আকার প্রায় ১৫০ বিলিয়ন ডলার।
২০২৪ সালের প্রথম তিন মাসে নন-ট্র্যাডিশনাল বাজারে বাংলাদেশের ৬ শতাংশ অংশীদারিত্ব ছিল। জাপানে সে বছর মোট পোশাক আমদানির ৫.৫০ শতাংশ এবং অস্ট্রেলিয়ায় ১১.৫৩ শতাংশ এসেছে বাংলাদেশ থেকে। এসব তথ্য ভবিষ্যতের বাজার বিস্তারে সম্ভাবনার ইঙ্গিত দেয়।

