সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে জিরা আমদানি কমেছে। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, ভারতে মসলাটির দাম বেড়ে যাওয়ায় এবং দেশের বাজারে চাহিদা কম থাকার কারণে আমদানি কমেছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখার তথ্যমতে, এ সময়কাল জিরা আমদানি আগের অর্থবছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ কমে এসেছে। জুলাই থেকে জুন পর্যন্ত মোট ৩ হাজার ১১৯ টন জিরা আমদানি হয়েছে, যার মূল্য ধরা হয়েছে ১৩৩ কোটি ৯৫ লাখ টাকা। গত অর্থবছরে এ পরিমাণ ছিল ৫ হাজার ৮২২ টন।
সাতক্ষীরার মসলা বাজারে জিরার দাম প্রায় স্থির রয়েছে। সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলাবাজার মেসার্স আমিনিয়া স্টোরে ভারত থেকে আনা জিরার দাম কেজিপ্রতি ৬২০ টাকা। একই সময়ে সিরীয় ও ইরানি জিরার দাম ছিল ৭৫০ টাকা প্রতি কেজি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জানান, দুই-তিন সপ্তাহ ধরেই এই দাম অপরিবর্তিত রয়েছে। তিনি আরও বলেন, ‘দেশের বাজারে জিরার চাহিদা কম থাকায় দাম স্থিতিশীল রয়েছে।’
সাতক্ষীরার কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, বাজারে জিরার সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম বর্তমানে স্থিতিশীল। তবে পেঁয়াজ ও রসুনের দাম এখন তুলনামূলক কম।

