টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) সফল করতে ঐকমত্য গড়ে তোলার বার্তা দিয়েছেন ব্যবসায়ী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, জলবায়ু বিশেষজ্ঞ ও সামাজিক উদ্যোক্তারা। রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে গতকাল অনুষ্ঠিত ‘সাসটেইনেবিলিটি সামিট ২০২৫’ অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। দিনব্যাপী আয়োজিত সামিটে সংশ্লিষ্ট সবাই মিলিত হয়ে টেকসই ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করেন।
দ্বিতীয়বারের মতো ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ আয়োজিত এ সামিট পরিবেশন করে আকিজ বশির গ্রুপ এবং সঞ্চালনা করেন এসএমসি এন্টারপ্রাইজ। সামিটে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এছাড়া তিনটি প্যানেল আলোচনা, দুটি অভ্যন্তরীণ আলোচনা এবং একটি বাস্তব ঘটনা বিশ্লেষণ (কেস স্টাডি) পরিচালিত হয়। এসব আলোচনায় উঠে আসে কীভাবে দেশের বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নীতিকৌশল গ্রহণ করে জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যে অবদান রাখতে পারে।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও সাজিদ মাহবুব বলেন, “টেকসই ব্যবস্থা এখন আর কোনো বিকল্প নয়। এটি ভবিষ্যৎমুখী ব্যবসার ভিত্তি। আমরা এমন এক শক্তিশালী সংলাপ গড়ে তুলতে চাই, যা নেতৃস্থানীয় ব্যক্তিদের একত্র করে কার্যকর উদ্যোগে অনুপ্রাণিত করবে।”
সামিটের প্রধান বক্তারা ছিলেন—লিন্ডে বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক শেহজাদ মুনিম, ইউনেস্কোর ‘এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, গ্রিন স্কিলস অ্যান্ড ক্লাইমেট অ্যাকশনস’ এর চেয়ার মোহাম্মদ নুরুন্নবী এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির সিনিয়র স্ট্র্যাটেজি অ্যাডভাইজার রজার লেভারমোর।
শেহজাদ মুনিম বলেন, “টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন এখন আর কেবল একটি বিকল্প নয়, এটি টিকে থাকার শর্ত। এ জন্য দীর্ঘমেয়াদি সংস্কার জরুরি। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) কোনো দাতব্য কাজ নয়; বরং ব্যবসা ও শাসন ব্যবস্থার মূল চালিকা শক্তি।” এবারের সামিটে বিশেষ আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা প্যানেল আলোচনা। সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের প্রজেক্ট লিড জান্নাতুল ফেরদৌসী এ সেশন সঞ্চালনা করেন। তরুণরা টেকসই উন্নয়ন ও ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে তাদের ভাবনা, দৃষ্টিভঙ্গি ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

