গত কয়েক বছরে উপশাখা, এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ব্যবস্থার মাধ্যমে দেশের গ্রামীণ অঞ্চলে ব্যাংকিং সেবা সম্প্রসারিত হয়েছে। লক্ষ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনা। তবে বাস্তবে এসব উদ্যোগ শুধু আমানত সংগ্রহেই সীমাবদ্ধ রয়ে গেছে। বরং গ্রামাঞ্চলে আগের তুলনায় ঋণ বিতরণও কমে গেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) পল্লী ঋণ বিতরণ প্রায় ২৪ শতাংশ কমেছে। একই সময়ে ঋণ আদায়ও কমেছে ২ দশমিক ২২ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যেখানে ৪ হাজার ৩৩০ কোটি টাকা ঋণ বিতরণ হয়েছিল, এবার তা নেমে এসেছে ৩ হাজার ৩১০ কোটি টাকায়। ব্যাংক কর্মকর্তারা জানান, তারল্য সংকটে তহবিল সংগ্রহে ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংকগুলো পল্লী ও কৃষি ঋণের প্রতি গুরুত্ব কমিয়েছে। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রা থাকলেও ঋণ বিতরণ বাড়ছে না।
অর্থনীতিবিদদের মতে, টানা চার বছর ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে গ্রামীণ ও নিম্নবিত্ত মানুষের ওপর। এ অবস্থায় পল্লী ঋণ কমে যাওয়ায় কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোগগুলো হুমকির মুখে পড়েছে। অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ঋণ কমে যাওয়ায় তারা ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না, অনেকে বাধ্য হচ্ছেন ব্যবসা বন্ধ করে দিতে।’
তিনি আরও বলেন, ‘কৃষি খাতে নিয়োজিত মানুষ সারা বছর কাজ পান না। তাই বিকল্প আয়ের জন্য গ্রামীণ অকৃষি খাত বিকশিত হওয়া জরুরি। আর সেটি সম্ভব ঋণপ্রবাহ চালু থাকলে। এখনই কার্যকর উদ্যোগ না নিলে অর্থনীতির গতি আরও কমে যাবে।’
বাংলাদেশ ব্যাংক ২০২৪-২৫ অর্থবছরে কৃষি ও পল্লী খাতে ৩৮ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও প্রথম ১০ মাসে বিতরণ হয়েছে মাত্র ২৯ হাজার কোটি টাকা। বাকি দুই মাসের তথ্য না এলেও সংশ্লিষ্টরা বলছেন, লক্ষ্যমাত্রার বাকি ৯ হাজার কোটি টাকার ঋণ বিতরণ সম্ভব হয়নি। এ অবস্থায় কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৪ সাল শেষে দেশে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ২০ হাজার। আগের বছরের তুলনায় বেড়েছে ১ লাখ ৬০ হাজার। এর পাশাপাশি, কৃষি ও প্রান্তিক খাতে ঋণের সুদহারও বেড়েছে। ২০২০ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত কৃষি ঋণের সর্বোচ্চ সুদহার ৮ শতাংশ ছিল। কিন্তু ২০২৪ সালের মে থেকে সব ধরনের ঋণ বাজারভিত্তিক করা হয়, ফলে এই খাতে সুদের হারও বেড়ে গেছে।

