যুক্তরাষ্ট্রের বিমান সংস্থাগুলোর আয়ের বড় উৎসে পরিণত হয়েছে লাগেজ ফি। শুধু ২০২৩ সালেই ব্যাগ ফি থেকে আয় হয়েছে ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের বেশি। এর মধ্যে আমেরিকান এয়ারলাইনস একাই আয় করেছে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার, যা কোম্পানিটির মোট বার্ষিক আয়ের দুই শতাংশ ছাড়িয়ে গেছে। তথ্যটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ট্রান্সপোর্টেশন স্ট্যাটিসটিকস।
একসময় বিমানযাত্রায় অধিকাংশ ব্যাগ বিনা খরচে বহন করা যেত। তবে সাম্প্রতিক বছরগুলোতে লাগেজ ফি ধাপে ধাপে বাড়ানো হয়েছে। এখন এটি বিমান সংস্থাগুলোর অন্যতম লাভজনক খাতে পরিণত হয়েছে। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেল্টা এয়ারলাইনসের ব্যাগেজ অপারেশনের জেনারেল ম্যানেজার কির্ক পিলিনার বলেন, “যাত্রীর ব্যাগ যেন সঠিকভাবে গন্তব্যে পৌঁছায়, তা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রক্রিয়া অত্যন্ত জটিল হলেও আমরা প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে পরিচালনা করি।”
বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন প্রায় এক লাখ লাগেজ পরিচালিত হয়। এ কাজে নিয়োজিত আছেন প্রায় দুই হাজার কর্মী। ৩০ মাইল দীর্ঘ কনভেয়ার বেল্টের মাধ্যমে টার্মিনাল থেকে বিমানে, তারপর সেখান থেকে নির্ধারিত গন্তব্যে পৌঁছায় যাত্রীদের ব্যাগ। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের এয়ারলাইনগুলো ৪৭০ মিলিয়নের বেশি ব্যাগ পরিবহন করেছে।
![]()
সম্প্রতি ডেল্টার লাগেজ ব্যবস্থাপনা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনবিসি। এতে জানানো হয়, লাগেজ হারানোর ঘটনা কমাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে ডেল্টা। বিশেষভাবে লাগেজে যুক্ত আরএফআইডি ট্যাগ স্ক্যানারের মাধ্যমে ব্যাগের অবস্থান ট্র্যাক করা হয় এবং তথ্য পৌঁছে যায় কেন্দ্রীয় সিস্টেমে।
পিলিনার বলেন, “একটি ব্যাগও যদি হারায়, সেটি যাত্রীর অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলে। তাই প্রতিটি ব্যাগের নিরাপদ গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”
যুক্তরাষ্ট্রে প্রতিবছর লক্ষাধিক ব্যাগ হারানোর ঘটনা ঘটে। এ কারণে লাগেজ ফি বাড়ানোর পাশাপাশি এই খাতে প্রযুক্তি, জনবল ও অবকাঠামোতে বড় অঙ্কের বিনিয়োগ করছে বিমান সংস্থাগুলো। বিশ্লেষকদের মতে, এ খাত থেকে আয় বাড়লেও যাত্রী সন্তুষ্টি নিশ্চিত করাই হবে দীর্ঘমেয়াদি সাফল্যের চাবিকাঠি। কারণ লাগেজ এখন শুধু মালপত্র নয়, বরং যাত্রার অবিচ্ছেদ্য অংশ।

