দেশীয় প্রাইমারি টেক্সটাইল খাতের টিকে থাকা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে জরুরি নীতিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। গতকাল রোববার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় সংগঠনটি।
এর আগে গত ৭ জুলাই অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল সরকারের নীতিনির্ধারকদের কাছে তাঁদের পূর্ণাঙ্গ দাবি তুলে ধরেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তুলা ও সিন্থেটিক ফাইবার আমদানিতে আরোপিত ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) অবিলম্বে প্রত্যাহার, ২০২৪–২৫ অর্থবছরের মতো ১৫ শতাংশ করপোরেট কর পুনর্বহাল এবং কটন ও কৃত্রিম আঁশের সংমিশ্রণে তৈরি সুতার ওপর কেজিপ্রতি ৫ টাকা সুনির্দিষ্ট শুল্ক বাতিলের দাবি জানানো হয়েছে। এসব দাবি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে উপস্থাপন করা হয়।
বিটিএমএর তথ্য অনুযায়ী, বর্তমানে সংগঠন৫টির অধীনে ১ হাজার ৮৫৮টি টেক্সটাইল মিল রয়েছে, যার মধ্যে রয়েছে স্পিনিং, উইভিং এবং ডায়িং–প্রিন্টিং–ফিনিশিং ইউনিট। বেসরকারি এ খাতে প্রায় ২৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। দেশের রপ্তানি আয়ের ৮৫ শতাংশ আসে টেক্সটাইল ও গার্মেন্টস খাত থেকে, যার ৭০ শতাংশই বিটিএমএ-সংশ্লিষ্ট শিল্প থেকে আসে। আমদানির বিকল্প স্থানীয় উৎপাদনের কারণে এই খাত দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে।
বৈঠকে জানানো হয়, ভারত সরকারের দেওয়া প্রণোদনার ফলে ভারতীয় টেক্সটাইল পণ্য বাংলাদেশে ডাম্পিং মূল্যে প্রবেশ করছে। এতে স্থানীয় মিলগুলো তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে। অন্যদিকে, তুলা আমদানিতে ২ শতাংশ এআইটি আরোপ করে দেশীয় উৎপাদককে নিরুৎসাহিত করা হচ্ছে এবং বিদেশি সুতা আমদানিকে উৎসাহ দেওয়া হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, পাশাপাশি দেশীয় শিল্প হুমকিতে পড়ছে।
বিটিএমএ জানিয়েছে, বর্তমানে চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ তুলা খালাসের অপেক্ষায় রয়েছে। এআইটি–সংক্রান্ত জটিলতায় বন্দরে ডেমারেজ চার্জ বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে এআইটি অবিলম্বে প্রত্যাহার এবং সংশ্লিষ্ট চার্জ মওকুফের দাবি জানিয়েছে সংগঠনটি।

