চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১২ দিনে (১ থেকে ১২ জুলাই) প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১০৭ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা ধরে হিসাব)।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে (২০২৪ সালের ১–১২ জুলাই) দেশে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছর একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১২ কোটি ৩০ লাখ ডলার। টাকায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৫০০ কোটি। এর আগে সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮১ কোটি ৮০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার ৪০০ কোটি টাকার বেশি।

