চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসীদের পাঠানো আয় এসেছে ১০৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ ১৩ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২১ টাকা ধরে)। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, এই সময় দেশের ১০টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। ওই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, চারটি বেসরকারি এবং চারটি বিদেশি ব্যাংক।
রেমিট্যান্স শূন্য ব্যাংকগুলোর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান হলো: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)। বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এও কোনো প্রবাসী আয় আসেনি।
বেসরকারি খাতের যেসব ব্যাংকে রেমিট্যান্স আসেনি, সেগুলো হলো: কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। বিদেশি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংক।
চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এই ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১.০৭ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১২ কোটি ৩০ লাখ ডলার।

