পারটেক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পারটেক্স কোল লিমিটেড–এর বন্ধকি সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া। প্রায় ১১৬ কোটি ৪৫ লাখ টাকা বকেয়া ঋণ আদায়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, নিলামে তোলা সম্পত্তির মধ্যে ঢাকা ও গাজীপুরে মোট ২৫৯ দশমিক ৩৬ শতক জমি এবং একটি কারখানার ভবন রয়েছে। সম্প্রতি ঢাকার মহাখালী শাখা থেকে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, অর্থঋণ আদালত আইন, ২০০৩ অনুযায়ী সম্পদগুলো বিক্রির মাধ্যমে ঋণ পুনরুদ্ধার করা হবে। আগ্রহী ক্রেতারা আগামী ৩ আগস্ট পর্যন্ত টেন্ডার জমা দিতে পারবেন।
নোটিশে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিটি ব্যাংকের পরিচালক রুবেল আজিজকে অন্যতম বন্ধকদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্যাংকের তথ্য অনুযায়ী, ৯ জুলাই ২০২৫ পর্যন্ত পারটেক্স কোল লিমিটেডের বকেয়া ঋণ দাঁড়িয়েছে ১১৬ কোটি ৪৫ লাখ টাকা। একাধিকবার নোটিশ দিয়েও পরিশোধ না করায় ঋণটি শ্রেণিকৃত (ক্লাসিফায়েড) হয়েছে। নিলাম নোটিশে রুবেল আজিজ ছাড়াও পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত এম এ হাসেমসহ আরও পাঁচজনের নাম রয়েছে।
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন বলেন, ‘প্রতিষ্ঠানটি সময়মতো ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ঋণটি শ্রেণিকৃত হয়েছে। আমরা আইনি প্রক্রিয়ায় নিলামের উদ্যোগ নিয়েছি। প্রতিষ্ঠানটি চাইলে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। নিলামের আগেই বকেয়া পরিশোধ করলে আমরা তা স্থগিত করব।’ তিনি আরও বলেন, ‘এই প্রতিষ্ঠানের কর্ণধার নিজেই একজন ব্যাংক পরিচালক, তাই তার সব নিয়মকানুন জানা থাকার কথা।’

