বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট গতকাল রোববার (১৩ জুলাই) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে এই মূল্যায়ন দেন।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “বিশ্বব্যাংকের মন্তব্য হচ্ছে—বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা এখন খুবই ভালো।” তিনি জানান, “এক বছর আগে আমরা আশঙ্কা করেছিলাম পরিস্থিতি কঠিন হতে পারে। কিন্তু এখন মনে করছি, আমরা সঠিক পথে এগোচ্ছি।”
ড. সালেহউদ্দিন বলেন, নতুন দায়িত্বে জোহানেস জুট এখন থেকে দক্ষিণ এশিয়ায় বিশ্বব্যাংকের কার্যক্রম দেখবেন। তার অফিস থাকবে নয়াদিল্লিতে, ওয়াশিংটনের পরিবর্তে। তিনি আরও বলেন, “জোহানেস জুট ইতোমধ্যে বাংলাদেশে বিশ্বব্যাংকের চলমান প্রকল্প ও বাজেট সহায়তা সম্পর্কে অবগত। প্রায় এক বছর আগে বিশ্বব্যাংক মনে করেছিল, বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে এখন তারা সামগ্রিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট।”
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আর্থিক খাত, পেমেন্ট ব্যালান্স এবং বৈদেশিক মুদ্রা পরিস্থিতির উন্নয়নও স্বীকার করেছেন বলে জানান অর্থ উপদেষ্টা। জোহানেস জুট বেসরকারি খাতের বিকাশ এবং আরও বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভালো।
অর্থ উপদেষ্টা বলেন, ১০-১২ বছর আগে বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালে যে অবকাঠামোগত উন্নয়ন শুরু হয়েছিল, সেটি জুট ইতিবাচকভাবে উল্লেখ করেছেন। বৈঠকে আন্তর্জাতিক অর্থ সংস্থা আইএফসি’র কার্যক্রম নিয়েও আলোচনা হয়। এক প্রশ্নের উত্তরে ড. সালেহউদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বব্যাংকের কাছ থেকে সব ধরনের সহায়তা পেয়েছে। তিনি জানান, আগামী অক্টোবর মাসে বিশ্বব্যাংক-আইএমএফ বার্ষিক সভায় সহায়তার পরবর্তী ধাপ উত্থাপন করা হবে।
অর্থ উপদেষ্টা আরও জানান, আর্থিক খাত, বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নেওয়া সংস্কার উদ্যোগেও বিশ্বব্যাংক সন্তুষ্ট। ব্যাংক পুনর্গঠন প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংক থেকে শুরু হয়েছে। পাশাপাশি এনবিআরকে দুটি সংস্থায় ভাগ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটির পূর্ণ বাস্তবায়ন দেখতে চায় সংস্থাটি—যদিও এতে কিছুটা সময় লাগবে। চট্টগ্রাম বন্দর এবং লালদিয়ায় কনটেইনার টার্মিনাল সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে। এ খাতে সহায়তা দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক।
মার্কিন শুল্ক ইস্যুতে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, বাণিজ্য উপদেষ্টা ও আলোচক দলের প্রধান দেশে ফিরলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে আসছে বিশ্বব্যাংক। এ পর্যন্ত সংস্থাটি প্রায় ৪৬ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে, যার অধিকাংশই অনুদান বা স্বল্পসুদের ঋণ।

