প্রথমবারের মতো নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১৭ কোটি ১০ লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার এ লেনদেন সম্পন্ন হয়। গত এক সপ্তাহ ধরে দেশে রেমিট্যান্স ও রফতানি আয় বেড়েছে। এর প্রভাবে টাকার বিপরীতে ডলারের দাম কিছুটা কমছে। এই পরিস্থিতিতে ডলার কেনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এ জন্য প্রতি ডলারের দাম ১২১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। যা অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত প্রায় ১২০ টাকার চেয়ে বেশি।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাজারে স্থিতিশীলতা আনতেই নিলামের মাধ্যমে ডলার কেনা হয়েছে। ভবিষ্যতে দর বাড়লে একই প্রক্রিয়ায় ডলার বিক্রিও করা হবে। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে যেকোনো সময় হস্তক্ষেপ করতে পারে বাংলাদেশ ব্যাংক।
এক শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তা জানান, রোববার ডলারের দর ছিল ১২০ টাকা। তবে বাংলাদেশ ব্যাংকের নিলামের কারণে এ হার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার অধিকাংশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণ করেছিল ১২০ টাকা। এক সপ্তাহ আগেও এই হার ছিল ১২৩ টাকার বেশি।

