দক্ষিণ এশীয় নারীদের কাছে স্বর্ণালঙ্কার কেবল সাজসজ্জার উপকরণ নয়—এটি অর্থনৈতিক নিরাপত্তারও প্রতীক। মেয়েদের জন্ম থেকেই স্বর্ণ জমানোর চল রয়েছে। উৎসব, বিয়ে, ধর্মীয় অনুষ্ঠান কিংবা পারিবারিক ঐতিহ্যের অংশ হিসেবে প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসে এই সম্পদ। শহর বা গ্রাম, ধনী বা দরিদ্র—সব শ্রেণির নারীর হাতেই এটি হয়ে ওঠে একমাত্র নিজস্ব সম্পদ।
ফ্লোরিডার মায়ামিতে বসবাসকারী ফারজানা ঘানির প্রতিটি গয়নায় আছে একেকটি গল্প। বিয়ের সময় পাকিস্তানে শাশুড়ির দেওয়া নকশার সেট, হজ পালন শেষে মায়ের দেওয়া চেইন, মেয়ের জন্মে উপহার পাওয়া স্বর্ণমুদ্রা—প্রতিটি অলংকার তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মারক। ৫৬ বছর বয়সী ঘানি বলেন, “বন্ড বা নগদের চেয়ে আমি স্বর্ণমুদ্রা কেনাকেই বেশি নিরাপদ মনে করি।” অনেক নারী এমনকি শাড়ির সোনার জরির ভেতরও এই ঐতিহ্য বহন করেন। এগুলো সাধারণত হঠাৎ করে বিক্রির জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে। তাই এগুলো কেবল অলংকার নয়, হয়ে ওঠে এক ধরনের উত্তরাধিকার।
২০২৪ সালে সোনার দাম বেড়েছে ২৭ শতাংশ। ২০২৫ সালে তা আরও বেড়ে হয়েছে ২৬ শতাংশ। চলতি বছরের এপ্রিল মাসে প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়েছে ৩,৫০০ ডলার। এই মূল্যবৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থির শুল্কনীতি ও ফেডারেল রিজার্ভের সঙ্গে দ্বন্দ্বজনিত বাজার অনিশ্চয়তা দায়ী।
স্বর্ণালঙ্কার সজ্জিত পাকিস্তানের এক কনে
তবে দাম বাড়লেও দক্ষিণ এশীয় নারীরা গয়না বিক্রিতে আগ্রহী নন। বরং পুরনো গয়না গলিয়ে নতুন ডিজাইনে তৈরি করছেন। ভারতের ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রধান সচিন জৈন বলেন, “সোনার দাম বাড়লে পশ্চিমা দেশে বিক্রি বেড়ে যায়, কিন্তু ভারতের মানুষ সেগুলো ধরে রাখে। কারণ, তারা বিশ্বাস করে— দেশের অর্থনীতি বাড়লে সোনার দামও বাড়বে।”
ভারতে এখনো ৫০ শতাংশের কম নারী নিজের অর্থনৈতিক সিদ্ধান্ত নিজে নিতে পারে। অনেকের ব্যাংক হিসাব নেই, বিনিয়োগের অন্যান্য উপায় জানা নেই। তাই গয়নাই তাদের একমাত্র সঞ্চয়। ফারজানা ঘানির মা তাকে শিখিয়েছিলেন— হাতখরচের টাকা জমিয়ে ২৪ ক্যারেট সোনার মুদ্রা কিনতে হবে। ঘানির মেয়ে গত ডিসেম্বরে বিয়ে করেন। সে সময় ফারজানা তার পুরনো গয়না গলিয়ে মেয়ের জন্য তৈরি করেন নতুন ডিজাইনের কালেকশন—যা ভবিষ্যতে তার সন্তানরাও ব্যবহার করতে পারবে। কিছু স্বর্ণমুদ্রা তিনি রেখেছেন ছেলের জন্যও।
ভারতের অমৃতসরের একটি স্বর্ণের দোকান
২০২৩ সালে ভারত ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনার গয়নার বাজার। সে বছর দেশটি ৬১১ টন সোনার গয়না কিনেছে। তুলনায় মধ্যপ্রাচ্য কিনেছে মাত্র ২৪১ টন। প্রতিবছর ভারতে ১ কোটি ১০ লাখ থেকে ১ কোটি ৩০ লাখ বিয়ে হয়। গয়নার বাজারের অর্ধেকেরও বেশি অংশ আসে কনের জন্য কেনা সোনা থেকেই। বিয়ে কেন্দ্রিক এই চাহিদা দক্ষিণ এশীয় সংস্কৃতিতে সোনার গুরুত্বকে আরও মজবুত করেছে।
ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের জেরে বৈশ্বিক বিনিয়োগকারীরা এখন মুদ্রা থেকে স্বর্ণে ঝুঁকছেন। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে সোনা দিয়েছে ১৯৮৬ সালের পর সর্বোচ্চ রিটার্ন। এমনকি রিজার্ভ বাড়াতে ভারত ও চীনসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কিনছে রেকর্ড পরিমাণে। ভারতের রিজার্ভ ব্যাংক গত পাঁচ বছরে সোনার মজুত ৩৫ শতাংশ বাড়িয়েছে। এই প্রবণতা থেকে স্পষ্ট, স্বর্ণ শুধু নারী নয়—দেশ ও বাজারের জন্যও একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম।