আকাশযানে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে সরকার। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ ভাড়ায় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, অভ্যন্তরীণ ফ্লাইটে দেশি ক্রেতাদের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ৯৮ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বেড়েছে ৪ দশমিক ৭৫ শতাংশ। আন্তর্জাতিক রুটে দেশি-বিদেশি ক্রেতাদের জন্য প্রতি লিটারের দাম শূন্য দশমিক ৬০৬৬ ডলার থেকে বেড়ে হয়েছে শূন্য দশমিক ৬৪০১ ডলার, যা ৫ দশমিক ৫২ শতাংশ বৃদ্ধি। গতকাল সোমবার (১৪ জুলাই) বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক গণশুনানির পর নতুন এই দাম ঘোষণা করা হয়। তা রাত ১২ পর থেকেই কার্যকর হচ্ছে।
বিপিসি সূত্রে জানা গেছে, সংস্থাটি প্রতিবছর প্রায় ৬ লাখ মেট্রিক টন জেট ফুয়েল আমদানি করে। এসব জ্বালানি স্থানীয় ও আন্তর্জাতিক বিমান সংস্থার চাহিদা মেটাতে ব্যবহার হয়। এছাড়া দেশীয় একটি বেসরকারি প্রতিষ্ঠান কনডেনসেট পরিশোধনের মাধ্যমে সীমিত পরিমাণ জেট ফুয়েল উৎপাদন করে যা বিপিসিকে সরবরাহ করা হয়।

