বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ আক্তার হোসেন। আগামী দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এই দায়িত্বে ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান। দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ প্রধান অর্থনীতিবিদ পদে ফের নিয়োগ দেওয়া হলো।
গতকাল সোমবার (১৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ড. আক্তার হোসেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পদে দুই বছরের চুক্তিভিত্তিক কর্মসংস্থান পাবেন। ব্যাংকের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুযায়ী তার কাজ পরিচালিত হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ দেশের অর্থনীতি, মুদ্রানীতি ও ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বিশ্লেষণ করেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও পরিচালনা পর্ষদকে নীতিগত পরামর্শ দেন। ড. মোহাম্মদ আক্তার হোসেন একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক। তিনি আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত অর্থনীতিবিদ। তার পূর্ণ নাম আখন্দ মোহাম্মদ আক্তার হোসেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।
এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ও লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে সম্মানসহ এমএ এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘বাংলাদেশ অর্থনীতির জন্য সামষ্টিক অর্থনৈতিক মডেলিং’। এটি পরবর্তীতে ‘বাংলাদেশে মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পেমেন্ট ব্যালান্স’ শীর্ষক গ্রন্থ হিসেবে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়।
ড. হোসেন প্রায় ৩০ বছর অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ২০২০ সালে সেখানে সহযোগী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। এরপর ২০২৪ সালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সিঙ্গাপুর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন। সেখানে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য পাঠ্যসামগ্রী তৈরি ও প্রশিক্ষণ পরিচালনা করেন। ২০০৪ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে বিশ্বব্যাংকের আবাসিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে নীতি-ভিত্তিক গবেষণার সূচনা করেন এবং গবেষণা বিভাগকে সক্রিয় করতে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করেন।
ড. আক্তার হোসেন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, পাকিস্তানসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে অতিথি গবেষক ও প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তার প্রধান গবেষণা ক্ষেত্র হলো কেন্দ্রীয় ব্যাংকিং, মুদ্রানীতি এবং এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক নীতি। তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কেন্দ্রীয় ব্যাংকিং ও মুদ্রানীতি’, ‘ইন্দোনেশিয়ায় সামষ্টিক অর্থনীতি ও মুদ্রানীতির ইস্যুসমূহ’। এছাড়া তিনি ৮৭টির বেশি গবেষণাপত্র এবং ২৭টি অধ্যায় বিভিন্ন স্বীকৃত অর্থনৈতিক সাময়িকীতে প্রকাশ করেছেন।
ব্যক্তিগত জীবনে ড. আক্তার হোসেন নিলুফার ইয়াসমিন হোসেনের সঙ্গে বিবাহিত। তাদের এক পুত্র ও তিন কন্যা রয়েছে। সন্তানরা বিভিন্ন পেশায় কর্মরত, তবে কেউ অর্থনীতিবিদ নন। তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ, কিন্তু সমাজ ও অর্থনীতির ক্ষেত্রে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পক্ষে নীতিতে সহানুভূতিশীল। সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে রক্ষণশীল হলেও নীতিগতভাবে সহনশীল মনোভাব গ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ হিসেবে ড. আক্তার হোসেন সামষ্টিক অর্থনীতি ও মুদ্রানীতির ওপর গবেষণা কার্যক্রমের নেতৃত্ব দেবেন। তার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সংযোগ দেশের অর্থনৈতিক নীতিনির্ধারণে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।

