ওভাল অফিসে বসে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ইউরোপীয় সহায়তায় উন্নত মার্কিন অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। ট্রাম্প প্রশাসনের ধারণা, এই শুল্ক কার্যকর হলে রাশিয়ার যুদ্ধ তহবিল বড় ধরনের চাপের মুখে পড়বে।
তবে এর প্রতিক্রিয়ায় মস্কোর শেয়ারবাজারে সূচক উল্টো ২ দশমিক ৭ শতাংশ বেড়ে যায়। বিশ্লেষকেরা বলছেন, রাশিয়া ট্রাম্পের কাছ থেকে আরও কঠোর নিষেধাজ্ঞার আশঙ্কা করছিল। তার তুলনায় এই পদক্ষেপ তুলনামূলকভাবে ‘সহনীয়’ মনে হয়েছে বলেই বাজারে স্বস্তি এসেছে।
ট্রাম্পের ঘোষণার আগে রুশ ট্যাবলয়েড মস্কোভস্কি কমসোমোলস সতর্ক করেছিল, ইউক্রেন ইস্যুতে রাশিয়া-যুক্তরাষ্ট্র নতুন করে সংঘাতের দিকে এগোচ্ছে। পত্রিকাটির ভাষায়, ‘ট্রাম্পের সোমবারের চমক আমাদের দেশের জন্য সুখকর হবে না।’ রাশিয়ার জন্য শুল্ক হুমকি নিঃসন্দেহে অস্বস্তির, তবে মস্কো এখনই আতঙ্কিত নয়। কারণ, দ্বিতীয় পর্যায়ের শুল্ক কার্যকর হতে ৫০ দিন সময় লাগবে। এই সময়টিতে রাশিয়ার জন্য পাল্টা ব্যবস্থা নেওয়া ও আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণায় রাশিয়ার প্রতি তাঁর কঠোর মনোভাব স্পষ্ট হয়েছে। সেই সঙ্গে এটি ভ্লাদিমির পুতিনের শান্তিচুক্তি নিয়ে অনীহা থেকে তাঁর হতাশারও প্রতিফলন। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধকে অন্যতম অগ্রাধিকার বলে উল্লেখ করে আসছেন। জানুয়ারির পর থেকেই তিনি বারবার শান্তিচুক্তির চেষ্টা চালিয়ে গেলেও মস্কোর প্রতিক্রিয়া ছিল: ‘হ্যাঁ, তবে, মার্চে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানালেও রাশিয়া পশ্চিমা সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধের শর্ত জুড়ে দেয়। ক্রেমলিনের দাবি, যুদ্ধের পেছনে ‘মূল কারণগুলো’ আগে সমাধান করতে হবে। তাদের মতে, রাশিয়ার বিরুদ্ধে হুমকি আসছে কিয়েভ, ন্যাটো ও পশ্চিমা শক্তির দিক থেকে। হ্যাঁ, তবে, কৌশল রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়িয়ে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করেছে বলে অনেকে মনে করেন। ট্রাম্প প্রশাসন শান্তিচুক্তি ও সম্পর্কোন্নয়নে আলোচনা চালিয়ে গেলেও আলোচনায় অগ্রগতি ছিল সীমিত।
সমালোচকেরা শুরু থেকেই সতর্ক করছিলেন, রাশিয়া সময়ক্ষেপণের কৌশল নিয়েছে। ট্রাম্প তখনও আশা করছিলেন, তিনি পুতিনকে চুক্তিতে রাজি করাতে পারবেন। কিন্তু মস্কো এখনো কোনো চুক্তির জন্য তাড়া দেখায়নি। তারা মনে করে, যুদ্ধক্ষেত্রে তারা এগিয়ে রয়েছে এবং শান্তি আনতে হলে তাদের শর্ত মানতেই হবে।
এই শর্তের একটি হলো—ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ বন্ধ। তবে ট্রাম্পের সর্বশেষ ঘোষণায় তা উল্টো প্রমাণিত হয়েছে। তিনি ইউক্রেনকে প্যাট্রিয়টসহ উন্নত অস্ত্র সরবরাহের স্পষ্ট বার্তা দিয়েছেন। ট্রাম্প বলেন, তিনি পুতিনের আচরণে ‘খুশি নন’। এদিকে মস্কোতেও এখন ট্রাম্পের প্রতি আগের মোহ আর নেই বলেই মনে হচ্ছে। মস্কোভস্কি কমসোমোলস গতকাল লিখেছে, ‘(ট্রাম্পের) নিজেকে বড় ভাবার বিভ্রম আছে এবং তিনি দাম্ভিক।’

