এক সময় ছিল, যখন ব্যাংকগুলো ডলার কিনতে হাহাকার করত। বৈদেশিক লেনদেন সামাল দিতে প্রতিদিন ছুটতে হতো এক্সচেঞ্জ হাউজের পেছনে। সেই কঠিন সময় পেরিয়ে এখন বাংলাদেশ ঢুকেছে এক ধরনের মুদ্রা স্বস্তির যুগে। রিজার্ভ বাড়ছে, টাকার মান শক্তিশালী হচ্ছে, আর বৈদেশিক বাণিজ্যে ফিরছে শৃঙ্খলা।
বর্তমানে দেশের ব্যাংকগুলোতে রয়েছে পর্যাপ্ত ডলার। এমনকি এখন ডলারের দাম কমে যাওয়ায় অনেক ব্যাংক তা বিক্রিতে আগ্রহ হারাচ্ছে। টাকার বিপরীতে ডলারের দরপতন অব্যাহত। অর্থনীতিবিদদের ভাষায়, অবমূল্যায়নের যুগ শেষ করে বাংলাদেশ এখন স্থিতিশীল বিনিময় হারের দিকে যাচ্ছে। মাত্র চার কার্যদিবসে টাকার মান বেড়েছে প্রায় ২ টাকা ৯০ পয়সা। একসময় যেখানে ডলারের আন্তব্যাংক বিনিময় হার ছিল ১২২ টাকার ওপরে, সেখানে ১৪ জুলাই তা কমে দাঁড়িয়েছে ১২০ টাকা ১০ পয়সা।
চলতি জুলাই মাসেই নজিরবিহীন এক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অতীতের উল্টো পথে হেঁটে এবার বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক—তাও বাজারদরের চেয়ে বেশি দামে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু অর্থনীতির মোড় ঘোরানোর বার্তা নয়, বরং স্পষ্ট করে দিচ্ছে যে মুদ্রাবাজারে ভারসাম্য ফেরাতে বাংলাদেশ ব্যাংক এখন আগের চেয়ে অনেক বেশি সক্রিয় ও কৌশলী।
ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বকেয়া আমদানি বিল পরিশোধে জোর দেন। তবে ডলার সরবরাহ করেননি রিজার্ভ থেকে। বরং বাজার থেকেই সংগ্রহের নির্দেশ দেন। ফলে ব্যাংকগুলো বিপুল পরিমাণ রেমিট্যান্স ডলার কিনে বিল পরিশোধ করে। একসময় তারা প্রায় এক বিলিয়ন ডলার পর্যন্ত কিনেছে। এখন আর অতিরিক্ত চাহিদা নেই।
গত এক সপ্তাহে টাকার বিপরীতে ডলারের দাম কমেছে প্রায় ২ টাকা ৭৫ পয়সা। এক সপ্তাহ আগেও যেখানে ডলারের বিনিময় হার ছিল ১২২.৮৫ টাকা, ১৪ জুলাই তা কমে দাঁড়ায় ১২০.১০ টাকায়। এর মধ্যেই বাংলাদেশ ব্যাংক ১৭১ মিলিয়ন ডলার কিনেছে ১২১.৫০ টাকা দরে—যা ছিল বাজারদরের চেয়েও বেশি।
ডলারের দাম কমে যাওয়ার কারণ:
- রেমিট্যান্স ও রফতানির প্রবাহ বেড়েছে:
২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ৩০.৩২ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮১ শতাংশ বেশি। একই সঙ্গে ইউরোপীয় বাজারে তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যের অর্ডার বাড়ায় রফতানি আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। - বিনিয়োগ স্থবির, চাহিদা কম:
বেসরকারি বিনিয়োগ স্থবির থাকায় যন্ত্রপাতি, কাঁচামাল ও বিলাসী পণ্যের আমদানি কমেছে। সরকারিভাবে বড় অঙ্কের আমদানি বিল পরিশোধ হয়ে যাওয়ায় ব্যাংকগুলোতে এখন অতিরিক্ত ডলারের প্রয়োজন পড়ছে না। - হুন্ডি ও মানি লন্ডারিং নিয়ন্ত্রণে:
রাজনৈতিক স্থিতিশীলতা ও বাংলাদেশ ব্যাংক-এনবিআর যৌথ অভিযানে হুন্ডি ও অবৈধ রেমিট্যান্স প্রবাহ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। - ডলার মজুতের প্রবণতা কমেছে:
বাজারে দাম আরও কমতে পারে—এমন শঙ্কায় অনেক ব্যাংক এখন আর অতিরিক্ত দামে ডলার কিনে রাখতে আগ্রহী নয়।
আইএমএফের ঋণ শর্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক গত মে মাসে বাজারভিত্তিক বিনিময় হার চালু করে। এতে ব্যাংকগুলো নিজেদের মধ্যে দর নির্ধারণ করে ডলার লেনদেন শুরু করে। যদিও সাম্প্রতিক দরপতনে কেন্দ্রীয় ব্যাংক আবার হস্তক্ষেপে নামে। নিলামে অংশ নেওয়া ব্যাংক কর্মকর্তারা জানান, বাংলাদেশ ব্যাংক বেশি দামে ডলার কিনে একটি স্পষ্ট বার্তা দিয়েছে—ডলারের দর এর নিচে নামা উচিত নয়। রফতানি ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব এড়াতে এমন পদক্ষেপ জরুরি ছিল বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
একটি বিদেশি এক্সচেঞ্জ হাউজের কান্ট্রি হেড বলেন, “আগে ব্যাংকগুলো আমাদের কাছ থেকে ডলার কিনতে চাইত। এখন উল্টো আমরা অফার দিলেও তারা নিচ্ছে না।” বাজারে চাহিদা স্থবির হয়ে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের ১০ জুলাই পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৪.৫৪ বিলিয়ন ডলার। আগের বছরের তুলনায় তা ৩.৫ বিলিয়ন ডলার বেশি। প্রবাসী আয় ও আইএমএফ কিস্তি ছাড়, সঙ্গে কম আমদানি ব্যয়—এই তিন কারণে রিজার্ভে বড় উল্লম্ফন ঘটেছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “ব্যাংকগুলো এখন ডলার ধরে রাখতে চাইছে না। বাজারে চাপ কমেছে বলেই টাকার মান বাড়ছে।” ঢাকা ব্যাংকের এমডি শেখ মো. মারুফ বলেন, “ভারত বা শ্রীলঙ্কা মুদ্রা অবমূল্যায়ন করে, আর আমরা টাকার মান বাড়াতে পারছি। এটি স্বল্পমেয়াদে ভালো, তবে দীর্ঘমেয়াদে দরকার কাঠামোগত সংস্কার।”
অর্থনীতিবিদরা মনে করেন, বর্তমান স্বস্তির পরিবেশ ইতিবাচক। তবে এটি কতটা স্থায়ী হবে, তা নির্ভর করবে রেমিট্যান্স ও রফতানির ধারাবাহিকতা এবং বিনিয়োগবান্ধব নীতিনির্ধারণের ওপর। কেন্দ্রীয় ব্যাংক কৌশলী হস্তক্ষেপ চালিয়ে যেতে পারলে সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা সম্ভব।

