ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন জমা দেননি কিংবা জমা দিয়ে কর পরিশোধ করছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। গতকাল সোমবার (১৪ জুলাই) রাজধানীর রাজস্ব ভবনে আয়োজিত আয়কর বিভাগের রাজস্ব পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি।
সভায় তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ৭২ লাখ টিআইএনধারী করদাতা রয়েছেন, যারা রিটার্ন জমা দেন না। পাশাপাশি আরও ৩০ লাখ করদাতা আছেন, যারা রিটার্ন জমা দিলেও আয়কর পরিশোধ করেন না। তিনি বলেন, “এই এক কোটি করদাতার কাছ থেকে তাদের সক্ষমতা অনুযায়ী কর আদায় করতে হবে।” ২০২৫-২৬ অর্থবছরে এই এক কোটি করদাতাকে অগ্রাধিকার ভিত্তিতে আয়কর ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান।
সভায় ঢাকার বিভিন্ন কর অঞ্চল থেকে সদস্য, কমিশনার, মহাপরিচালক, প্রথম ও দ্বিতীয় সচিব (আয়কর) উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের কর্মকর্তারা সভায় ভার্চুয়ালি যুক্ত হন। আয়কর বিভাগের কমিশনারদের উদ্দেশে আবদুর রহমান খান বকেয়া রাজস্ব আদায়ে জোর দেওয়ার আহ্বান জানান। এ সময় তিনি অঞ্চলভিত্তিক কর আদায়ের অগ্রগতি পর্যালোচনা করেন এবং চ্যালেঞ্জগুলো জানতে চান। পাশাপাশি রাজস্ব বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি আরও বলেন, করদাতাদের হয়রানি এড়াতে নথিপত্র দ্রুত নির্ধারিত কর অঞ্চলে স্থানান্তর করতে হবে এবং জুলাই মাসের মধ্যেই এ কাজ সম্পন্ন করতে হবে।
নিরীক্ষা ব্যবস্থাকে ডিজিটাল ও স্বচ্ছ রাখতে এনবিআর চেয়ারম্যান বলেন, “নির্বাচন প্রক্রিয়ায় মানবিক প্রভাবের কোনো সুযোগ নেই। কর আদায় নয়, বরং কর ফাঁকি ঠেকানোই নিরীক্ষার মূল উদ্দেশ্য।” তিনি কর্মকর্তাদের রিটার্ন দাখিলে টিআইএনধারীদের উৎসাহিত করতে এবং এ লক্ষ্যে জনবল ব্যবহারে সর্বোচ্চ মনোযোগ দিতে নির্দেশ দেন। আবদুর রহমান খান বলেন, “আয় ও সম্পদের বৈষম্য কমাতে, ন্যায্য সমাজ গড়তে এবং রাষ্ট্র পরিচালনার অর্থ জোগাতে কর আদায়ের হার বাড়ানোর বিকল্প নেই। অথচ আয়কর বিভাগ বারবার এই লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে।”
তিনি জানান, সদ্যসমাপ্ত অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব আদায়ের তুলনায় আয়কর আদায়ের হার কিছুটা কমেছে। তাই নতুন করদাতা চিহ্নিত করতে জরিপ ও মাঠপর্যায়ে মূল্যায়ন আরও জোরদার করতে হবে। সভায় আয়কর বিভাগের সদস্য, সিআইসি মহাপরিচালক, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

